মানববন্ধনে অংশ নেননি নীল দলের শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে অংশ নেননি আওয়ামী-বাম সমর্থক নীল দলের শিক্ষকেরা।
গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাদা দলের শিক্ষকেরা বলছেন, নীল দলের শিক্ষকদের উপস্থিত না হওয়াটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। অন্যদিকে নীল দলের শিক্ষকেরা বলছেন, সাদা দলের শিক্ষকদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাঁরা ক্ষুব্ধ হওয়ায় মানববন্ধনে যাননি।
গত রোববার ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে সাদা দলের শিক্ষকেরা মিছিল নিয়ে নয়াপল্টন অভিমুখে যাত্রা করলে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে অর্ধশতাধিক শিক্ষক লাঞ্ছিত হন। ওই দিনই শিক্ষক সমিতি জরুরি কার্যকরী সভা ডেকে গতকালের কর্মসূচি নির্ধারণ করে।
মানববন্ধনে নীল দলের কোনো শিক্ষক উপস্থিত না হওয়ায় সাদা দল থেকে নির্বাচিত সহসভাপতি আখতার হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ বলেন, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সর্বসম্মতিক্রমে এ কর্মসূচি নির্ধারণ করা হয়। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নীল দলের কোনো সদস্য মানববন্ধনে উপস্থিত ছিলেন না। এটি দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। তাঁদের এ অনুপস্থিতি শিক্ষক সমাজের অনুভূতিকে আহত করেছে।
নীল থেকে বিজয়ী সভাপতি ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সাদা দলের শিক্ষকদের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কিন্তু ঘটনার দিন তাঁরা হামলাকারীদের শাস্তির দাবি জানালেও পরদিন সে দাবির সঙ্গে পুলিশের শাস্তির দাবি যোগ করেন। এ নিয়ে তাঁরা উপাচার্যের সঙ্গে বাগিবতণ্ডাও করেন। এ ছাড়া কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে পাকিস্তানের নিন্দা প্রস্তাবের প্রতিবাদে শিক্ষক সমিতি আয়োজিত কর্মসূচিতেও সাদা দলের শিক্ষকেরা উপস্থিত ছিলেন না। এসব বিষয় নিয়ে নীল দলের শিক্ষকদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে তাঁরা যাননি।