মানববন্ধনে ইউনূসকে স্বপদে ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস সারা বিশ্বে সম্মানিত। তাঁকে অপমান করার অর্থ বাংলাদেশকেই অপমান করা। তাই মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে ফিরিয়ে এনে বাংলাদেশের সম্মান রক্ষা করতে হবে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এ দাবি করেন। ‘বাংলাদেশ ও নোবেল বিজয়ী ড. ইউনূসের সম্মান রক্ষা নাগরিক কমিটি’ নামের সংগঠন গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে কয়েক শ লোক অংশ নেয়।একই সময় প্রেসক্লাবের সামনে ‘গ্রামীণ ব্যাংকের চাকরিচ্যুত, নির্যাতিত কর্মিপরিষদের’ ব্যানারে পাল্টা মানববন্ধন করে কিছু লোক। তাদের অভিযোগ, ড. ইউনূস ওই সব কর্মীকে জোর করে গ্রামীণ ব্যাংকের চাকরি থেকে ছাঁটাই করেছেন। পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে দুটি পক্ষকেই মুখোমুখি হওয়া থেকে বিরত রাখে।ড. ইউনূসের সম্মান রক্ষা কমিটির মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন, আবদুর রউফ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, কবীর কোরেশী তালুকদার প্রমুখ।মানববন্ধন কর্মসূচির আয়োজকেরা বলেন, মুহাম্মদ ইউনূসকে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও থানা শহরে কর্মসূচি করা হবে। মানববন্ধনে অংশ নেন যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডেনিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জসিম আহমেদ। তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পেছনে ছুটছে। কিন্তু এ দেশে তাঁকে ও গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার চেষ্টা চলছে। এটা কাম্য নয়। বিবেকের তাড়নায় তিনি এর প্রতিবাদ করতে এসেছেন।নিজেকে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের ভক্ত পরিচয় দিয়ে জাকির হোসেন বলেন, গ্রামীণ ব্যাংক থেকে মুহাম্মদ ইউনূসকে সরিয়ে সরকার ব্যাংকটির ক্ষতি করে ফেলল।অন্যদিকে ‘নির্যাতিত কর্মিপরিষদের’ মানববন্ধন থেকে আগামীকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ এবং গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া মাসুম সরকার বলেন, গত বছর এপ্রিল মাসে তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। তাঁর মতো ছাঁটাই করা কর্মকর্তা-কর্মচারীদের নিজ পদে বহাল করার দাবি জানানো হয় কর্মসূচি থেকে।