একটি মানববন্ধনের ভিডিও গত রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এই মানববন্ধনে এক ব্যক্তি জিঞ্জির চাকু (ধারালো ছুরি ও ব্লেডের গুচ্ছ) দিয়ে নিজের শরীরে আঘাত করছিলেন, আর বলছিলেন ‘হায় মুজিব’, ‘হায় মুজিব’। বেশ কিছুক্ষণ ধরে তাঁর এই মাতম চলে। এ সময় তাঁর আরও দুই অনুসারীও শার্ট খুলে একই কাণ্ড ঘটান। বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশের নামে এমন বিকৃত আচরণের তীব্র সমালোচনা করছেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা।
অনেকে ফেসবুকে নিজ নিজ পাতায় ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। ওই ব্যক্তি চট্টগ্রাম নগরের বন্দর এলাকার বাসিন্দা ইকবাল আলী ওরফে হাজি ইকবাল। তিনি বেশ কয়েক বছর আগে বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত রোববার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘শোক দিবস উদ্যাপন পরিষদ ২০১৭ চট্টগ্রাম ১১ (বন্দর পতেঙ্গা)’ ব্যানারে ওই মানববন্ধন করা হয়। এতে ৫০ থেকে ৬০ জন লোক অংশ নেন। মানববন্ধন শুরু হওয়ার আগে ইকবালের নেতৃত্বে নগরের চেরাগীপাহাড় মোড় থেকে একটি মিছিল ২০০ মিটার দূরে প্রেসক্লাবে যায় বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। পরে তাঁরা মানববন্ধন করেন।
কখনো নিজেকে সভাপতি, কখনো সাধারণ সম্পাদক দাবি করে মানুষকে বিভ্রান্ত করা এবং দলীয় পদবি ব্যবহার করে সুবিধা আদায়ের চেষ্টা করায় আট বছর আগে ইকবালকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানান বন্দর থানা আওয়ামী লীগের বর্তমান সভাপতি নুরুল আলম। তিনি বলেন, ‘মানববন্ধনে ইকবাল যা করেছে তা জঘন্য। আওয়ামী লীগের কেউ এই কাজ করতে পারে না।’
মানববন্ধনের বিষয়ে জানতে ইকবাল আলীর সঙ্গে গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফিরিয়ে এনে শাস্তি দিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছি। সেখানে ধর্মীয় আলোকে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জানিয়ে প্রতীকী প্রতিবাদ করেছি। আমি তো রক্তাক্ত হইনি।’
রাজনীতিতে দৃষ্টি আকর্ষণের জন্য এ কাজ করেছেন কি না, জানতে চাইলে ইকবাল আলী বলেন, ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পাননি। তিনি নিজেকে ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে দাবি করেন। তবে তাঁর এই দাবি সত্য নয় বলে জানান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইলিয়াছ। তিনি প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার পর ইকবালকে বহিষ্কার করা হয়েছিল। এরপর থেকে তিনি দলের আর কেউ নন।
এই মানববন্ধনের বিষয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ নিয়ে মন্তব্য করারও রুচি হচ্ছে না। আমি ক্ষুব্ধ।’
আলী আজম নামের হাটহাজারীর এক বাসিন্দা ফেসবুকে লেখেন, ‘মুজিব কোট পরা—এরা কারা? ১৯৭৫ সালের পরে এরা কোথায় ছিল?’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘পালের গোদাসহ নিজেদের প্রচারের জন্য যারা এমন তামাশা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা জরুরি। না হয় দিনের পর দিন আরও উদ্ভট কিছু দেখতে হতে পারে। এদের এখনই থামান।’