মানববন্ধনে জামিয়াতুলের সহযোগিতা চাইলেন খালেদা জিয়া
বুধবার দেশজুড়ে মানববন্ধন কর্মসূচিতে জামিয়াতুল ওলামায়ে ইসলামী বাংলাদেশের সমর্থন চেয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জামিয়াতুলের নেতারা গতকাল সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। খবর ইউএনবির।জামিয়াতুলের সেক্রেটারি জেনারেল মাওলানা এম ওয়াক্কাসের নেতৃত্বে দলের নেতারা বিরোধীদলীয় নেত্রীর গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।এর আগে গত শনিবার চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বুধবারের মানববন্ধন কর্মসূচিতে তাঁদের সমর্থন ব্যক্ত করেন।গত ২৭ জুন হরতালের দিন আটক দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দেশজুড়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীতে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।