মানববন্ধনে তদন্ত কমিটির শিক্ষকেরা
* শিক্ষকেরা বলেছেন, দেশ অস্থিতিশীল করতে ‘তাণ্ডবলীলা’ হয়েছে।
* মানববন্ধনে ১৩০ জনের মতো শিক্ষক অংশ নেন।
* তদন্ত কমিটির ১১ সদস্যের মধ্যে ৮ জন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
* তদন্ত কমিটির সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাগুলো তদন্তে গঠিত কমিটির সদস্য তাঁরা। তাঁদের দায়িত্ব নিরপেক্ষভাবে সবকিছু তদন্ত করা। অথচ তাঁরাই গতকাল রোববার একটি পক্ষের হয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ‘উপাচার্য ও প্রক্টরের কার্যালয় ভাঙচুর এবং উপাচার্যের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে’ অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নিয়ে তদন্তের দায়িত্বে থাকা ওই শিক্ষকেরা বলেছেন, ২৩ জানুয়ারি আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। তাঁদের দাবি, আগামী নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবেই এসব ‘তাণ্ডবলীলা’ চালানো হচ্ছে।
তদন্ত কমিটির সদস্যদের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী শিক্ষার্থী, বাম ছাত্রসংগঠনের নেতা এবং কোনো কোনো শিক্ষক। তাঁরা বলছেন, যে কমিটির সদস্যরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, তাঁদের দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ১১ জানুয়ারি আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা দাবি আদায়ে ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয় অবরোধ করেন। ওই দিন ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী ছাত্রদের হেনস্তা ও ছাত্রীদের যৌন হয়রানি করেন বলে অভিযোগ আনেন তাঁরা। এর বিচার চেয়ে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আন্দোলনকারীরা ১৭ জানুয়ারি প্রক্টরের কার্যালয়ের ফটক ভাঙচুর করেন এবং তাঁকে অবরুদ্ধ করে রাখেন। ক্যাম্পাসে বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। দাবি আদায় না হওয়ায় ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরোধ করেন আন্দোলনকারীরা। তাঁরা উপাচার্যের কার্যালয়ের তিনটি ফটকের তালা ভাঙেন। ‘উপাচার্যকে উদ্ধারের’ নামে তাঁদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। একই দাবিতে আজ সোমবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বঘোষিত ধর্মঘট পালন করবে প্রগতিশীল ছাত্র জোট।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পূর্বঘোষিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ১৩০ জনের মতো শিক্ষক অংশ নেন। এর মধ্যে প্রক্টরের কার্যালয়ে ভাঙচুর, আন্দোলনকারী ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন এবং উপাচার্যের কার্যালয় ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের গঠিত পৃথক তিনটি কমিটির ১১ সদস্যের মধ্যে ৮ জনই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৩ জন বক্তব্য দেন।
মানববন্ধনে অংশ নেওয়ায় তদন্ত কমিটির শিক্ষকেরা নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, ‘শিক্ষকদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। কিন্তু তদন্ত কমিটির সদস্য হয়ে এমন একটি পক্ষপাতমূলক কর্মসূচিতে তাঁরা অংশ নিতে পারেন না। এটা স্বার্থের সংঘাত। তদন্তের আগেই শিক্ষকেরা যদি একটি পক্ষ নিয়ে থাকেন, তাইলে তিনি কী তদন্ত করবেন আর কীই-বা সিদ্ধান্ত দেবেন।’
নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের অন্যতম সমন্বয়কারী মাসুদ আল মাহদী বলেন, প্রশাসন যে সুষ্ঠু বিচার করতে চায় না, সেটা প্রথম থেকেই বোঝা গেছে। তারা হয়তো শিক্ষার্থীদের চাপের মুখে তদন্ত কমিটি করেছে। কিন্তু তাদের বিচারের কোনো ইচ্ছা নেই। এটা যে প্রহসনের তদন্ত কমিটি, তা আবারও প্রমাণিত।
তদন্ত কমিটির যেসব শিক্ষক মানববন্ধনে ছিলেন
ছাত্রীদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা। সিনেট সদস্য অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও সহকারী প্রক্টর আবু হোসেন মোহাম্মদ আহসানও কমিটিতে রয়েছেন। এ তিনজনই গতকালের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জিনাত হুদা ও চন্দ্রনাথ পোদ্দার বক্তব্য দেন।
সহকারী প্রক্টর মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক করে প্রক্টরের কার্যালয় ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটির তিন সদস্যও মানববন্ধনে অংশ নেন। বাকি দুজন হলেন অধ্যাপক মো. বিল্লাল হোসেন ও সহকারী প্রক্টর এ কে লুৎফুল কবির। আর উপাচার্যের কার্যালয় ভাঙচুরের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটির সদস্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল মানববন্ধনে সভাপতিত্ব করেন। আরেক সদস্য নীলিমা আকতারও অংশ নেন।
শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগ ও গণমাধ্যমের সমালোচনা
আন্দোলনকারীদের হাতে উপাচার্যসহ শিক্ষকেরা লাঞ্ছিত হয়েছেন বলে গতকাল অভিযোগ এনেছেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকেরা। ঘটনার চার দিন পর তাঁদের দাবি, শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার এসব সংবাদ গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে উঠে আসেনি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আন্দোলনকারীরা ওই দিন শিক্ষকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। উপাচার্যের হাত ধরে টানাটানি করেছে। বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আজিজকে লাথি দেওয়া হয়েছে। কিন্তু এসবের কিছুই গণমাধ্যমে সম্প্রচার বা প্রকাশ করা হয়নি। বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করার দাবি জানান তিনি।
শিক্ষকদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন। তিনি বলেন, গণমাধ্যম একপেশে সংবাদ পরিবেশন করেছে।
মুহসীন হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া বলেন, তথাকথিত ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে সেদিন গালিগালাজ করেছে, তাঁকে লক্ষ্য করে থুতু দিয়েছে।
সামাজিক অনুষদের ডিন সাদেকা হালিম বলেন, ‘সেদিন যে সহিংসতা দেখেছি, তা যে পক্ষই করুক না কেন তার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি অভিযোগ করেন, গণমাধ্যম কোনো জায়গায় সঠিকভাবে বক্তব্য নিয়ে আসেনি। তিনি বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানান।
শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক তাজিন আজিজ চৌধুরী মানববন্ধন সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে সমিতির কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সামাদ, চন্দ্রনাথ পোদ্দার, সৌমিত্র শেখর এবং অন্য শিক্ষকদের মধ্যে জিয়া রহমান, হাফিজুর রহমান কার্জন, হারুন অর রশীদ, সাবিতা রিজওয়ানা রহমান ও দিদারুল ইসলাম বক্তব্য দেন।
ছাত্রলীগের আসাটাও কাম্য নয়
মানববন্ধন শেষে ওই দিন উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হলো না, কেন আরেকটি ছাত্রসংগঠন (ছাত্রলীগ) এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালাল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল বলেন, ‘পুলিশ আসা মাত্রই আরেকটি স্লোগান উঠত বিশ্ববিদ্যালয়ে পুলিশ কেন, কর্তৃপক্ষ জবাব চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবাই মিলে এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারি। পরে ছাত্রসংগঠনটি এসে যে ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টিও তদন্তে আছে। তার আগে চার ঘণ্টা ভিসিকে অবরুদ্ধ করে যেসব ঘটনা ঘটেছে এবং প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে, সেটি কোনোভাবে কাম্য নয়। পরবর্তী যে ছাত্রসংগঠনটি এসেছে, সেটিও কোনোভাবে কাম্য নয়।’
আজ ধর্মঘট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ধর্মঘট আজ সোমবার। সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন জোটের নেতারা। গতকাল ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোট।
ধর্মঘটের সমর্থনে মানববন্ধন ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন হয়। পরে মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার, ডাকসু ভবন, কলাভবন, ব্যবসায় অনুষদ থেকে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘তালা ভাঙা আর মানুষ মারা কি এক?’, ‘দালাল ভিসি নিপাত যাক’, ‘এদেরকে বেতন দিয়ে রাখা হয় কি ছাত্রলীগ পোষার জন্য’, ‘ছাত্রলীগের সন্ত্রাস, রুখে দাঁড়া ছাত্রসমাজ’, ‘নিপীড়নের সীমা নাই, ক্যাম্পাস কি এমন চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করেন।