রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি মন্তব্য করেন শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা। গতকাল সোমবার মানববন্ধন শেষে তাই শিক্ষকদের তোপের মুখে পড়েন তিনি।
সোমবার বেলা ১১টায় সিনেট ভবনের সামনে ওই মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উপাচার্যের সঙ্গে সাংসদ ও আওয়ামী লীগ নেতাদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এর আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক অংশ নেন। এতে শুরুতে স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম মানববন্ধন আয়োজনের প্রেক্ষাপট ও উপাচার্যের দপ্তরে সংগঠিত ঘটনার বর্ণনা দেন। শেষে বক্তব্য দিতে আসেন সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা। তিনি উপাচার্যের দপ্তরে উপাচার্যসহ অন্য শিক্ষকদের অপদস্থ করার ঘটনাকে ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে বলে উল্লেখ করেন। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ‘সৌভাগ্যবান’ উল্লেখ করে তিনি বলেন, ‘দপ্তরে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। সামান্য অসৌজন্যমূলক আচরণ করা হয়। সংবাদমাধ্যমে এ ঘটনাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিসিয়ালি একটি বক্তব্য দেওয়া উচিত ছিল। কিন্তু তারা তা করেনি।’
মানববন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষকেরা। একপর্যায়ে বেশ কয়েকজন সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ঘিরে ধরে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেন। পরে জ্যেষ্ঠ শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মানববন্ধনে উপস্থিত অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ঘটনার পর থেকেই বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংবাদকর্মীদের প্রকৃত ঘটনা জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আমজাদ হোসেন বলেন, ‘আমরা আশা করেছিলাম, মানববন্ধনে
শিক্ষক সমিতি জোরালো প্রতিবাদ জানাবে। কিন্তু তা না করে বরং ঘটনাটিকে ছোট করে দেখানো হয়েছে।’