মানববন্ধন আয়োজন করলেন উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানাতে। প্রতিবাদ তো জানালেন না, উল্টো বিভ্রান্তি সৃষ্টির জন্য দুষলেন গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন শিক্ষকেরা। মানববন্ধন শেষে তাই তোপের মুখে পড়লেন এই শিক্ষক নেতা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে আজ সোমবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উপাচার্যের সঙ্গে সাংসদ ও আওয়ামী লীগ নেতাদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এর আয়োজন করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ‘মাননীয় উপাচার্যের সঙ্গে সাংসদ ও কতিপয় আওয়ামী লীগ নেতাদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন’ ব্যানারে শুরু হওয়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক অংশ নেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম। মানববন্ধনের শেষ পর্যায়ে বক্তব্য দেন সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা। তিনি উপাচার্যের দপ্তরে উপাচার্যসহ অন্য শিক্ষকদের অপদস্থ করার ঘটনাকে ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে উল্লেখ করেন। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ‘সৌভাগ্যবান’ উল্লেখ করে তিনি বলেন, ‘দপ্তরে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। সামান্য অসৌজন্যমূলক আচরণ করা হয়। সংবাদমাধ্যমে এ ঘটনাকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে তাতে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিশিয়াল একটি বক্তব্য দেওয়া উচিত ছিল। কিন্তু তারা তা করেনি।’ এরপর তিনি মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।
মানববন্ধনে উপস্থিত অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ঘটনার পর থেকেই বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংবাদকর্মীদের প্রকৃত ঘটনা জানানো হয়। তার পরও তিনি (আনন্দ কুমার) যে অভিযোগ করেছেন, তা হয়তো না জেনেই করেছেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন আমজাদ হোসেন বলেন, ‘আমরা আশা করেছিলাম মানববন্ধনে শিক্ষক সমিতি জোরালো প্রতিবাদ জানাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করবে। কিন্তু তা না করে বরং ঘটনাটিকে ছোট করে দেখানো হয়েছে।’ এর ফলে সমিতির সভাপতি শিক্ষকদের তোপের মুখে পড়েন বলে তিনি মন্তব্য করেন।
বেসরকারি একটি মেডিকেল কলেজের অনিয়মের অভিযোগে জরিমানা করার জের ধরে গত ১৫ এপ্রিল রাজশাহী-১ আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী টেবিল চাপড়ে উপাচার্যকে শাসান। পরদিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা দলীয় নেতা-কর্মী নিয়োগের দাবিতে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের দপ্তরে উপস্থিত বেশ কয়েকজন শিক্ষক ও উপাচার্যকে গালাগাল, হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করে অপদস্থ করেন।