মানববন্ধনে পুলিশের অতিরিক্ত উপকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রায়নগরের হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে অপহরণ করে হত্যার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পর এবার শিক্ষার্থীদের অভিভাবকেরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকালে নগরের শিবগঞ্জে এই কর্মসূচিতে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহও একাত্ম হন। একজন অভিভাবক হিসেবে তিনিও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গতকাল শিবগঞ্জ স্কুলের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে প্রায় এক ঘণ্টা মানববন্ধন চলাকালে সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, এভাবে যেন আর কোনো মা-বাবার বুক খালি না হয়, এ জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ ছাড়াও সৈয়দ রুহুল আলম হাসান, শাহানা খানম, সেলিনা হোসেন, হেনা আহমদ, মিনহাজুল নাহার, বন্দনা চন্দ, মো. সোরাব আলী, মো. মইনুল ইসলাম, সাংবাদিক চয়ন চৌধুরী, তৌফিক এলাহী চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার কনস্টেবল পদে কর্মরত এক পুলিশ সদস্যের যোগাসাজশে সাঈদকে ১১ মার্চ অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। ১৪ মার্চ রাতে নগরের কুমারপাড়া এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এবাদুরসহ কুমারপাড়ায় বসবাসকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘সোর্স’ গেদা মিয়া ও ওলামা লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক এন ইসলাম তালুকদার ওরফে রাকীবকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে এবাদুর ও রাকীব আদালতে সাঈদকে অপহরণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে মুহিবুল ইসলাম ওরফে মাসুম নামে জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক পদে থাকা একজন ও অজ্ঞাতনামা আরেকজনের নাম প্রকাশ পাওয়ায় তাঁদের অবস্থান জানতে গেদাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে গতকাল বেলা দুইটার দিকে নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্টে সিলেটের অরাজনৈতিক সংগঠন ‘বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ (তৃণমূল) কেন্দ্রীয় কমিটি’ মানববন্ধন করে ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে শনাক্ত হওয়া আরও দুই আসামির গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এই মানববন্ধন কর্মসূচিতে সাঈদের বাবা আবদুল মতিন ও মামা আশরাফুজ্জামানও অংশ নেন। এতে সংহতি জানিয়ে আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী, শামীম হাসান চৌধুরী, মাসুদ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন।