মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশের রাস্তায় গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেননি। সড়ক দুর্ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোশনা আফরোজের মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধনের চেষ্টা করেছিলেন। পুলিশের বিরুদ্ধে এতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশের রাস্তায় মানববন্ধন করতে যান। এ সময় পুলিশ তাঁদের মানববন্ধন করতে বাধা দেয়। পরে তাঁরা ক্যাম্পাসে ফিরে যান। এর আগে তাঁরা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন। শিক্ষার্থীরা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনের রাস্তায় গতিরোধক ও সেখানে বাসস্ট্যান্ড স্থাপনের দাবি জানান। গত মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশের রাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় আহত শিক্ষার্থী রোশনা আফরোজ বুধবার বিকেলে মারা যান।

শেরেবাংলা নগর থানার ওসি মুহ. আবদুল মমিন মানববন্ধনে বাধা দেওয়ার কথা অস্বীকার করেন।