মানববন্ধনে বাবার শোকে মূর্ছা গেলেন ফারহানা
বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিরাজুল ইসলামের একমাত্র মেয়ে ফারহানা নাসরিন বাবার শোকে মানববন্ধনে জ্ঞান হারিয়ে ফেলেন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বারডেম হাসপাতালের দুই চিকিৎসকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধনে বাবার কথা বলতে গিয়ে ফারহানা জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে প্রেসক্লাবের দায়িত্বরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। ওই চিকিৎসক জানান, ফারহানা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
মূর্ছা যাওয়ার আগ মুহূর্তে কান্নাজড়িত কণ্ঠে ফারহানা বলেন, ‘অবহেলা করে আমার বাবাকে হত্যা করা হয়েছে। সঠিক চিকিৎসা করলে বাবা আজ আমার পাশেই থাকতেন।’
প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ করে ফারহানা বলেন, ‘আমরা বাবা-মা দুজনকে হারালাম। আপনারা তো বাংলাদেশের সব মানুষের জন্য। আপনারা ঘটনার সুষ্ঠু তদন্ত না করে কেন পক্ষপাতিত্ব করছেন?’
১৩ এপ্রিল বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মারা যান। তাঁর মৃত্যুর জের ধরে বারডেম হাসপাতালে তিনজন চিকিৎসককে বেধড়ক পেটানো হয়েছে বলে চিকিৎসকদের অভিযোগ।
মানববন্ধনে সিরাজুল ইসলামের বড় ভাই হারুনুর রশীদ বলেন, ‘১৩ এপ্রিল রাতে মৃত্যুর পর হাসপাতালে কোনো ভাঙচুর হয়নি। আমার ভাই ১৩তলায় ভর্তি ছিলেন। বারডেম হাসপাতাল বলেছে, ভাঙচুর হয়েছে পাঁচতলায়। হাসপাতালে পুলিশ-র্যাব হাজির ছিল। নিজেদের অপরাধ চাপা দিতে মিথ্যা অভিযোগ করেছেন চিকিৎসকেরা।’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু দায়িত্বরত দুই চিকিৎসক কল্যাণ দেব নাথ ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছি। তাদের বিচার না করে আমাদের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিত ও হাসপাতাল ভাঙচুরের মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
এ সময় সিরাজুল ইসলামের পরিবার দোষী চিকিৎসকদের গ্রেপ্তারের দাবি জানায়। একই সঙ্গে সিরাজুল ইসলামের মতো এমন পরিণতি যেন কারও না হয়, সে জন্য বারডেম হাসপাতালের চিকিৎসকদের সতর্ক করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে সিরাজুল ইসলামের পরিবারের সদস্য ছাড়াও জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক চান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।