মানববন্ধনে মারধরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনে পুলিশের মারধরের প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল শুক্রবার দুপুরে বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের মানববন্ধনে পুলিশের মারধরের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। ওই কর্মসূচি থেকে গ্রেপ্তার হওয়া দলের ১৮ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করে দলটি।এ টি এম আজহার বলেছেন, ‘প্রধানমন্ত্রী ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পুরস্কার গ্রহণ করেছেন। কিন্তু একটি বৈধ দলের কর্মসূচিতে পুলিশ দিয়ে লাঠিপেটা করা কি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নমুনা?’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করে দেশের সর্বনাশ করছে। তিনি সরকারকে গণতান্ত্রিক আচরণ করার আহ্বান জানান। না হলে গণবিস্ফোরণের মুখে এ সরকারকে চরম অবমাননাকর অবস্থায় বিদায় নিতে হবে বলে তিনি হুঁশিয়ার করেন।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, সরকার বুঝতেই পারছে না, তাদের প্রতি জনগণের আস্থা বলতে কিছু নেই। এ কারণেই আওয়ামী লীগ সরকার এখন আর জনগণকে তোয়াক্কা করছে না।সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, জসিম উদ্দিন সরকার, এ টি এম মাছুম, আবদুল্লাহ মো. তাহের, সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।