মানববন্ধনে সচিবের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি ও কল্যাণে কাজ করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একজন মুক্তিযোদ্ধাকে অপমান করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। অপমানের কারণে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন মুক্তিযোদ্ধা। এ ঘটনার তদন্ত করে দ্রুত সচিবকে শাস্তি দিতে হবে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।
মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধাকে গলাধাক্কা দিয়ে ৩০ লাখ শহীদসহ সব মুক্তিযোদ্ধাকে অপমান করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক সচিব। এই সচিবের যদি কোনো শাস্তি না হয়, ভবিষ্যতে আরও মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ বারবার অপমানিত হবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাহেদ মুরাদ।