মানবমুক্তি ও নারীমুক্তির সংগ্রাম অভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত নারী সমাবেশে বক্তারা বলেছেন, মানবমুক্তির সংগ্রাম আর নারীমুক্তির সংগ্রাম এক ও অভিন্ন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে সিপিবির নারী সেল। সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতা সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, এক দিকে পুঁজির শোষণ, অন্য দিকে পুরুষতান্ত্রিক সমাজের শোষণ ও নিগ্রহের দাসত্ব থেকে গোটা সমাজকে মুক্ত করতে না পারলে নারী সমাজের প্রকৃত মুক্তি সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী বলেন, নারীর প্রতি সব ধরনের শোষণ-বৈষম্য-নিপীড়নের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি লড়াই করছে এবং করে যাবে। সমাবেশে অন্যদের মধ্যে শিক্ষাবিদ এ এন রাশেদা, খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম, কৃষক নেত্রী লীনা চক্রবর্তী, সিপিবির কেন্দ্রীয় নেতা মাকছুদা আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নিশিখা জামালী প্রমুখ বক্তব্য দেন।