মানবমুক্তির চেতনায় উদ্বুদ্ধ ছিলেন সরদার ফজলুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ভেতরে কীভাবে প্রবেশ করতে হয় সরদার ভাই তা জানতেন। তিনি মানবমুক্তির রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ ছিলেন, তাই মানুষের কাছাকাছি যেতেন।
জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিমকে নিয়ে এসব কথা বলছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী। তিনি গতকাল বুধবার উদীচী আয়োজিত সরদার ফজলুল করিমের স্মরণসভায় সভাপতিত্ব করেন।
বিশিষ্ট দর্শনশাস্ত্রবিদ ও শিক্ষাবিদ সরদার ফজলুল করিম গত ১৫ জুন মৃত্যুবরণ করেন। গতকাল রাজধানীর তোপখানা রোডে উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সরদার ফজলুল করিমের রাজনৈতিক চেতনা, সাহিত্যকর্ম ও দার্শনিক ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সরদার ফজলুল করিম বাংলাদেশের জ্ঞানভিত্তিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তাঁর প্লেটোর সংলাপ, আমি রুশো বলছি গ্রন্থগুলো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে।
সভার শুরুতে প্রয়াত এই শিক্ষাবিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর স্মরণে সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
কামাল লোহানী বলেন, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকে হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু সরদার ফজলুল করিম সমাজতন্ত্রেই আস্থা রেখেছিলেন। তিনি ছিলেন ‘সাচ্চা কমিউনিস্ট’।
অধ্যাপক এ এন রাশেদা বলেন, ‘সরদার স্যারের সঙ্গে বেশি সান্নিধ্যে এসেছি শিক্ষাবার্তা প্রকাশ করতে গিয়ে। শিক্ষাবিষয়ক এ পত্রিকা প্রকাশ করতে আমাদের খুব উদ্বুদ্ধ করতেন তিনি।’ উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী মাহমুদ বলেন, সরদার ভাই মানুষ ও দেশের প্রতি ভালোবাসা শিখেছেন, তা শিখেছেন তাঁর কৃষক বাবা ও মায়ের কাছ থেকে। এ কথা তিনি সব সময় বলতেন।
সরদার ফজলুল করিমের মেয়ে প্রার্থনা করিম বলেন, ‘আমার পুরো জীবনের জন্য বাবার কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে সব সময় পরোক্ষভাবে প্রভাবিত করেছেন। তরুণ প্রজন্ম তাঁকে চর্চা করলে সমৃদ্ধ হতে পারবেন।’