মানবসত্তার মর্যাদা প্রতিষ্ঠায় দারিদ্র্য হটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের নিজেদের কাছে সাংবিধানিক প্রতিজ্ঞা ও অঙ্গীকার হচ্ছে মানবসত্তার মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা করা। সংবিধানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বাংলাদেশ হবে এমন একটি জায়গা, যেখানে মানুষের মানবিক মর্যাদা ও অধিকার সমুন্নত থাকবে। আর সেটি করতে হলে আমাদের দারিদ্র্য হটাতেই হবে। গতকাল রোববার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে আয়োজিত জেন্ডার অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইউনিট, আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত যুগপূর্তি সম্মেলনে অ্যাডভোকেট সুলতানা কামাল এসব কথা বলেন।‘মানবাধিকার প্রতিষ্ঠায় একত্রিত আমরা সবাই’ স্লোগান সামনে রেখে গত শুক্রবার থেকে সাভারের এই কেন্দ্রে শুরু হয় তিন দিনব্যাপী যুগপূর্তি সম্মেলন ২০১১। গতকাল সম্মেলনের শেষ দিনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় কেন্দ্রের হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সভাপতিত্বে এতে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেল সাড়ে তিনটার দিকে একই স্থানে ইউনিয়ন পরিষদ ও গ্রামীণ সামাজিক সংগঠন নারীর মানবাধিকার রক্ষায় একত্রে কাজ করার গুরুত্ব ও উপায় বিষয়ের ওপর আলোচনা করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান, নাসিম আখতার হোসাইন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের পরিচালক রঞ্জন কর্মকার। আইরিন খান বলেন, তৃণমূল পর্যায় থেকে অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। দোষী ও নির্দোষ সবার ক্ষেত্রে অধিকারের বিষয়টি চিন্তা করতে হবে। অনেক সময় আইন অন্যায় প্রতিষ্ঠা করে। সে ক্ষেত্রে আইনকে ন্যায়ের পথে আনার প্রয়োজন পড়ে। তিনি বলেন, নারীদের ক্ষেত্রে আইন পুরোপুরি সমতা দিচ্ছে না। পারিবারিক ব্যাপারে নারী পুরুষকে সমানভাবে দেখা হচ্ছে না। তিনি বলেন, শিক্ষায়, স্বাস্থ্যে ও কর্মে নারী অগ্রসর হলেও আইনি ব্যাপারে, সম্মানের ব্যাপারে তারা পেছনে পড়ে আছে।