মানবসমাজে দারিদ্র্য থাকতে পারে না: ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মুহাম্মদ ইউনূস l ফাইল ছবি
ড. মুহাম্মদ ইউনূস l ফাইল ছবি

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস তিনটি বিষয়কে শূন্যের কোঠায় নামিয়ে নেওয়ার কথা বলেছেন। এক নম্বরে হলো দারিদ্র্য, দুই নম্বরে বেকারত্ব এবং তিন নম্বরে পৃথিবী থেকে কার্বন দূষণ দূর করা।
গতকাল বুধবার ডেনমার্কের কোপেনহেগেনে চতুর্থ গ্লোবাল উইমেন ডেলিভার কনফারেন্সে তিনি এ বিষয়গুলোতে গুরুত্ব দেন। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের ক্ষমতায়নসহ অন্যান্য উদ্ভাবনী অবদানের জন্য মুহাম্মদ ইউনূসকে উইমেন ডেলিভার সম্মাননা দেওয়া হয়।
নিউইয়র্কভিত্তিক এনজিও উইমেন ডেলিভার আয়োজিত এবারের চতুর্থ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ইনভেস্ট ইন গার্লস অ্যান্ড উইমেন-ইট পেইস’।
কোপেনহেগেনের বেলা সেন্টারে গত ১৬ মে থেকে এ সম্মেলন আয়োজনে ডেনমার্ক সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন-উইমেনসহ নানান সংস্থা ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
গতকাল সকালে ‘ইনভেস্ট ইন গার্লস অ্যান্ড উইমেন: এভরিবডি উইনস’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে মুহাম্মদ ইউনূস বলেন, দারিদ্র্য মানবসমাজে বসবাস করতে পারে না। তাকে জাদুঘরে পাঠাতে হবে। এতে করে নারীরা বেশি লাভবান হবেন। কেননা, নারীরা বেশি দারিদ্র্যের শিকার।
প্রযুক্তি, আর্থিক সহায়তা ও সঠিক তথ্য একসঙ্গে পেলে নারীদের এগিয়ে যাওয়া সহজ হয় বলেও মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন।
দেশের নারীরা এগিয়ে গেলেও বাংলাদেশে মাতৃমৃত্যুর হার এখনো অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি।
ইউনূস বেকারত্বকে কৃত্রিম ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষা পদ্ধতির কারণে ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরি খোঁজে। তারা ভাবে চাকরি পাওয়াই জীবনের একমাত্র গন্তব্য। অথচ চাকরি কোনো গন্তব্য হতে পারে না। তাদের উদ্যোক্তা হতে হবে। এটিই গন্তব্য।
ইউনূসের মতে, সবাই উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ হলে আজ থেকে ৩০ বা ৩৫ বছর পরে ছেলেমেয়েরা বেকারত্ব কাকে বলে তা বুঝতেই পারবে না।
তরুণ সমাজের উদ্দেশে মুহাম্মদ ইউনূস বলেন, ‘তোমরা কখনো চাকরির পেছনে ঘুরবে না। এতে সব ধরনের প্রতিভা ধ্বংস হয়ে যায়।’ চাকরি বা জবকে তিনি পুরোনো ফ্যাশন হিসেবেও আখ্যায়িত করেন। বিশাল মিলনায়তনে মুহুর্মুহু হাততালির মধ্যে মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্য দেন।
ইউনূসের মতে, দারিদ্র্য ও বেকারত্বকে শূন্যের কোঠায় নামানোর পাশাপাশি কার্বন-দূষণকেও শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে।
আলোচনায় মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল, গ্রামের নারীদেরও গ্রামীণফোনের মুঠোফোন ব্যবহার, সোলার সিস্টেমের মাধ্যমে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, অন্তঃসত্ত্বা নারীদের কাছে আল্ট্রাসনোগ্রাম সেবা নিয়ে যাওয়া, মোবাইল অ্যাপসের মাধ্যমে গর্ভাবস্থায় সরাসরি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ পাওয়া, নারীদের হাতের বিশেষ একটি গয়নার মাধ্যমে গর্ভাবস্থার ঝুঁকি চিহ্নিত করাসহ নানান উদ্যোগের কথা উল্লেখ করেন।
এ অধিবেশনে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দ্য মেরি রবিনসন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মেরি রবিনসন, ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান জেনসেন, প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যানে বিরগিট এলব্রেক্টসেন, জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক, এরিকসনের প্রধান নির্বাহী কর্মকর্তা হেন্স ভেস্টবার্গ।
এবারের সম্মেলনে বিশ্বের ১৬৯টি দেশ থেকে মন্ত্রী, সাংসদ, সাংবাদিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, তরুণ দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। পূর্ণাঙ্গ অধিবেশন শেষে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেলফি তোলার আগ্রহ প্রকাশ করেন। এতে কিছুটা হুড়োহুড়ি লেগে যায়। শেষ পর্যন্ত আয়োজকেরা ড. ইউনূসকে নিরাপদ জায়গায় নিয়ে যান।