মানবসৃষ্ট কারণে পাহাড়ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ধস মানবসৃষ্ট। অপরিকল্পিত উন্নয়ন বন্ধ ও অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানো না গেলে আবারও ভয়াবহ পাহাড়ধস হতে পারে। পাহাড়ের সঙ্গে মানানসই নয় এমন আবাসন ব্যবস্থা ও চাষাবাদ পদ্ধতিও কমিয়ে আনা জরুরি।

গতকাল রোববার বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। তিন পার্বত্য জেলায় গত জুনের পাহাড়ধস ও ক্ষয়ক্ষতির কারণ সমীক্ষা করতে আসা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি দল এ মতবিনিময় সভার আয়োজন করে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মানিক লাল বণিকের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, প্রকৌশলী, কৃষিবিদ উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রণালয়ের উপসচিব শাহেন রেজা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পাহাড়ধসের বিপর্যয় মানবসৃষ্ট নাকি প্রাকৃতিক তা সমীক্ষার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁরা দুজন এসেছেন।

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক পাহাড়ধস ও জানমালসহ ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি যত না প্রাকৃতিক তার চেয়েও বেশি মানবসৃষ্ট। অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বাইরের জনস্রোত এসে ঝুঁকিপূর্ণ পাহাড়ে আবাসন গড়ে তোলার সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত কারণ যোগ হয়ে মূলত পাহাড়ধসের ঘটনা ঘটছে।

সভায় বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজিজুর রহমান বলেন, প্রতিনিয়ত বাইরে থেকে আসতে থাকা জনস্রোত নিয়ন্ত্রণ না করা গেলে জনসংখ্যার চাপ বেড়ে পাহাড়ের ওপর আরও বিরূপ প্রভাব পড়বে।

বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী কামাল হোসেন বলেন, বৃক্ষনিধন, জুমচাষ ও মাটি পরীক্ষা না করে সড়ক উন্নয়নে পাহাড়ে বিরূপ প্রভাব পড়ছে।