মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। তবে দেশকে এখন মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চতুর্থ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন। খবর বাসসের।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. রুহুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি এবং ক্ষমতায় থাকাকালে জনগণের উন্নয়নে কিছুই করেনি, তারা এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে এবং দেশের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ২০১৩ সাল থেকে হত্যা, জ্বালাও-পোড়াও এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা গুপ্তহত্যার সূচনা করেছে এবং দেশের মানুষ হত্যা করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়ে এখন বিদেশি মানুষকে হত্যা করছে।
প্রধানমন্ত্রী নৃশংস হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে আবির্ভূত হবে।
শেখ হাসিনা তাঁর সরকারের নেওয়া স্বাস্থ্যসেবা কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিকিৎসকদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, চিকিৎসকদের দরিদ্র জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে অবশ্যই মনোযোগী হতে হবে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নে দেশে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ জন্য চিকিৎসকদের দায়িত্বশীল হতে হবে, যাতে অতিদরিদ্র মানুষ সেবা থেকে বঞ্চিত না হয়। প্রধানমন্ত্রী শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য স্বাচিপের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, চিকিৎসকদের এই ঐক্য জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে।
পায়রা ও বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রী স্বাচিপের সম্মেলন উদ্বোধন করেন। মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান প্রতিবেদন পেশ করেন।