মানবসেতুতে হাঁটা তদন্তে কমিটি
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটাসহ ওই বিদ্যালয়ের এ রীতির বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ সারোয়ার জাহান। আজ বৃহস্পতিবার থেকে কমিটি কাজ শুরু করবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক গতকাল বুধবার রাতে ফোনে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত ঘৃণার ও অমানবিক কাজ। আমরা খুবই বিব্রত। বিষয়টি আমরা খতিয়ে দেখতে চাই। কেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসব করলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এসব নিয়ম বা এ ধরনের অনুষ্ঠান কেন করা হয়েছে, তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। রেওয়াজ অনুযায়ী সেখানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে একটি ‘মানবসেতু’ তৈরি করে। এই ‘মানবসেতু’র ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি নুর হোসেন পাটোয়ারী। সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।