মানবসেতুতে হাঁটানো যে বিদ্যালয়ের রেওয়াজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরস্পরের হাতে হাত রেখে দাঁড়ানো ছাত্রদের একটি দল। সেই হাতের ওপর উপুড় হয়ে আছে আরও কয়েক ছাত্র। লাইনটা খানিক লম্বা হয়েছে, দেখতে সেতুর মতো। সেতু থেকে নামার স্থানটায় মাথা নিচে দিয়ে পিঠটাকে পাদানির মতো করে রেখেছে এক ছাত্র। আর এই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, নাম—নুর হোসেন পাটোয়ারী। তিনি চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

২০০৪ সালে চাঁদপুরের হাইমচরে নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানব সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ চন্দ্র বিশ্বাস। ছবি: সংগ্রহ

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রদের বানানো মানব সেতু দিয়ে হেঁটে যাচ্ছেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। ছবি: সংগৃহীত

ফেসবুকে এমন একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। জনপ্রতিনিধির এমন আচরণ নিয়ে ভার্চ্যুয়াল জগতে চলছে সমালোচনা। যদিও দীর্ঘদিন ধরে স্কুলটিতে এ রকম আয়োজন চলছে। প্রধান অতিথিরা এ রকম মানবসেতু পার হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে একটি মানব সেতু তৈরি করে। সেই সেতুর ওপর দিয়ে নুর হোসেন হেঁটে যান। পরে কেউ সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে নুর হোসেন বলেন, শিক্ষার্থীদের অনুরোধে তিনি ওই মানবসেতুর ওপর দিয়ে তিনি হেঁটে যান। এটি বানানোর পুরস্কার হিসেবে তিনি শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা দেন। প্রতিপক্ষ তাঁকে বিতর্কিত করতে ফেসবুকে ছবিটি প্রকাশ করেছে বলে তাঁর অভিযোগ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘আমি ২০০২ সালে এই বিদ্যালয়ে যোগদানের পর থেকে দেখে আসছি শিক্ষার্থীরা প্রতিবছর এই মানবসেতু বানিয়ে আসছে। স্কুলের ক্রীড়া শিক্ষক প্রশান্ত কুমার দাস এই সেতুর পরিকল্পনা করে আসছেন এবং প্রতিবছর এটি শিক্ষার্থীদের দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রদর্শন করেছেন। আগেও যাঁরা প্রধান অতিথি ছিলেন, এই সেতুর ওপর দিয়ে তাঁরা হেঁটে গেছেন। এবারও সেটা হয়েছে।’
বিষয়টি সম্পর্কে জানতে স্কুলের ক্রীড়া শিক্ষক প্রশান্ত কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আর সরস্বতী পূজা ও বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাওয়া যায়নি।