চিকিৎসক রেজাউল করিমের শোকসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। চিকিৎসা পেশাকে তিনি মানবসেবার মাধ্যম হিসেবে নিয়েছিলেন। চিকিৎসা বিষয়ে তাঁর লেখা গ্রন্থ মানুষের কাজে আসবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ শোকসভা হয়ে।
চট্টগ্রাম একাডেমি আয়োজিত এই শোকসভায় বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, শিক্ষাবিদ অধ্যাপক ফজলুল হক, আমিনুর রশিদ কাদেরী, রাজনীতিবিদ কমরুদ্দিন আহমেদ, অধ্যাপক আনোয়ারা আলম, শিক্ষাবিদ অজিত কুমার আইচ, চিকিৎসক বিধান মিত্র, কবি ও সাংবাদিক ওমর কায়সার, প্রকাশক শাহ আলম প্রমুখ। একাডেমির মহাপরিচালক নেসার আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক রাশেদ রউফ।
বক্তারা বলেন, রেজাউল করিম সীতাকুণ্ডে নিজ এলাকায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতাল স্থাপন করেছেন। এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
গত ২২ জুন ৬১ বছর বয়সে ইন্তেকাল করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক রেজাউল করিম।