মানবসেবায় ব্রতী স্কাউটদের কলরবে মুখরিত মৌচাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবসেবায় স্কাউটিং— এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে ১৩তম আঞ্চলিক স্কাউট সমাবেশ। গতকাল সোমবার সারা দিন স্কাউটরা বিভিন্ন বিষয়ে ‘চ্যালেঞ্জ’ নেয়। সমাবেশে দেশের ১৮টি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার স্কাউট, গার্ল ইন স্কাউট, লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হয়েছেন। শিশু-কিশোর স্কাউটদের কলরবে প্রশিক্ষণ কেন্দ্রটি এখন মুখরিত। সমাবেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্কাউটরা অংশ নিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের স্কাউট, লিডার ও প্রশিক্ষকেরা সকাল ছয়টা থেকে ১২টি চ্যালেঞ্জে অংশ নিয়েছেন।মানবসেবায় ব্রত কিশোরেরা মৌচাকের শালবনে প্রচণ্ড শীতের মধ্যে তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেওয়ার সময় তাদের এত ব্যস্ততা দেখা গেছে, যেন দম ফেলারও সময় নেই। নবাবগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া ইসলাম বলে, ‘বাড়িতে কাজ করিনি, এখানে এসে নিজের কাজ নিজে করছি। এখন থেকে বাড়ি ফিরেও তা-ই করব। শীত থাকলেও কোনো কষ্ট হচ্ছে না। আনন্দের মধ্যে দিন কেটে গেছে।’ নিকলী জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র রেজাউল হক বলে, ‘তাঁবুতে কখনো থাকিনি, এটা নতুন অভিজ্ঞতা।’স্কাউট কর্মকর্তারা জানান, ১৩তম আঞ্চলিক স্কাউট সমাবেশে দেশের ১৮টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তিন হাজার ৬৮৮ জন স্কাউট, ৫৭৬ জন গার্ল ইন স্কাউট, ৫৩৩ জন ইউনিট লিডার, ১৩০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মকর্তা, ৫০ জন কর্মচারীসহ পাঁচ হাজার ২৩৪ জন অংশ নিয়েছেন।সমাবেশকে ঢাকা বিভাগের বিভিন্ন নদীর নামে আটটি ভাগে করা হয়েছে, যাকে বলা হচ্ছে ‘সাব ক্যাম্প’। এগুলো হলো: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মধুমতী ও তুরাগ। মেইন এ্যারিনার নাম রাখা হয়েছে স্কাউটের প্রতিষ্ঠাতার নামে—লর্ড ব্যাডেন পাওয়েল এ্যারিনা।সমাবেশে ১২টি চ্যালেঞ্জ রাখা হয়েছে। এর মধ্যে পাঁচটি চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক এবং সাতটি অংশগ্রহণমূলক। চ্যালেঞ্জগুলো হচ্ছে: তাঁবু কলা, সাধারণ জ্ঞান, পাইওনিয়ারিং, ফার্স্ট এইড, ট্রুপ মিটিং, অনুমান, হাইকিং, অবস্ট্রাকল, ফানি ম্যাচ, চলো ঘুরে আসি, ক্যাম্প ফায়ার ও শরীরচর্চা। ওই সব চ্যালেঞ্জে প্রতিদিন দুটি করে সাব-ক্যাম্প পালা করে অংশগ্রহণ করবে। বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মো. লিয়াকত হোসেন প্রথম আলোকে জানান, সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য সব ধরনের নিরাপত্তা ও চিকিৎসাব্যবস্থা রয়েছে। শিশু-কিশোরদের নজরদারি রাখতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক স্কাউট দলও আছে। বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) ও সমাবেশের যুগ্ম প্রধান মো. শামীমুল হক বলেন, মৌচাকের শালবনে শীত থাকলেও শিশু-কিশোরেরা সকাল থেকে ব্যাপক উদ্দীপনায় বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নিয়েছে। ২৭ ডিসেম্বর মহাতাঁবু জলসার মধ্য দিয়ে এই সমাবেশ শেষ হবে।