মানবাধিকার উন্নয়নে প্রতিশ্রুতি রাখেনি সরকার
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এইচআরডব্লিউর মতে, বর্তমান সরকার মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এর পরও এ ক্ষেত্রে সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। যেমন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। বিরোধী দলের নেতাসহ সাধারণ নাগরিকদের গুমের ঘটনা বেড়েছে। শ্রমিকনেতাদের ওপর দমন-পীড়নের ঘটনাও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেছে এইচআরডব্লিউ।প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে নিহত হয়েছে ২০০ জনের বেশি। র্যাবের দাবি, তারা মারা গেছে ‘বন্দুকযুদ্ধে’। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থার অনুসন্ধানে জানা যায়, বেশির ভাগ হত্যার ঘটনা ঘটে র্যাবের হেফাজতেই। পুলিশের বিরুদ্ধেও হত্যার অভিযোগ বাড়ছে।বিডিআর বিদ্রোহের পর এ বাহিনীর হাজার হাজার জওয়ানকে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগও করেছে এইচআরডব্লিউ। কিন্তু সরকারের পক্ষ থেকে এসব অভিযোগের কোনো রকম তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় সংস্থাটি।শ্রমিকদের অধিকারের বিষয়েও উদ্বেগ জানিয়ে এইচআরডব্লিউ বলেছে, বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ খুবই খারাপ, মজুরিও অত্যন্ত কম। ২০১২ সালে শ্রমিকনেতা আমিনুল ইসলামকে নির্যাতন ও হত্যার ঘটনাটি উল্লেখ করে সংস্থাটি জানায়, বর্তমানে অনেক শ্রমিকনেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে।এইচআরডব্লিউর মতে, সুশীল সমাজের যারা সরকারের কাজের সমালোচনা করছে, তাদের ওপর দমন-পীড়ন বেড়েছে। ২০১২ সালে বিএনপির শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তাঁকে উদ্ধারেও সরকার ব্যর্থ হয়েছে।মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন ঘাটতি আছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ। তাদের মতে, এই ট্রাইব্যুনাল বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পারেনি। ট্রাইব্যুনাল থেকে দেওয়া তিনটি রায়ের বিষয় উল্লেখ করে সংস্থাটি বলেছে, রায়কে কেন্দ্র করে বিক্ষোভের মুখে সরকার আইন সংশোধন করেছে। এতে এক অপরাধে সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অভিযোগে দ্বিতীয়বার বিচারের ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে এটা ঠিক হয়নি।মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারের প্রতি কিছু সুপারিশও করেছে এইচআরডব্লিউ। এর মধ্যে আছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সুবিচার নিশ্চিত করতে বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা।