পৃথিবীর উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও মানবাধিকার ও গণতন্ত্রের সুযোগ নিচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। নিরস্ত্র ও নিরীহ মানুষের হত্যাকারী, অপরাধীদের এই সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে।
সন্ত্রাসবাদবিরোধী এক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন। গতকাল শনিবার বিকেলে স্থানীয় একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল অ্যালায়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটিজ বাংলাদেশ চ্যাপ্টার এই সেমিনারের আয়োজন করে।
আয়োজকেরা বলেছেন, এই সেমিনারের মতামত ও সুপারিশ নিয়ে তাঁরা আগামী অক্টোবরে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এ-সংক্রান্ত বৈশ্বিক সেমিনারে অংশ নেবেন। সেখানে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় করণীয় নির্ধারণ ও সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত হবে। গত বছরও তাঁরা ওয়াশিংটন সেমিনারে যোগ দিয়েছিলেন।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সমস্যা তিনটি। এক. গণতন্ত্র ও মানবাধিকারের সুযোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ, দুই. দেশি ও বিদেশি উৎস থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য করা অর্থায়ন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা করা হচ্ছে না। তিন. এ দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতার শেকড় বিদেশে।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্লোবাল অ্যালায়েন্সের ভাইস প্রেসিডেন্ট গোলাম মেরাজ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বাংলাদেশ কংগ্রেসনাল ককাসের চেয়ারম্যান জোসেফ ক্রাউলি ও ককাসের অন্যতম সদস্য পিটার কিংয়ের পাঠানো বাণী পড়ে শোনান যথাক্রমে এম আলম খান ও হাসান শাহরিয়ার চৌধুরী।
সেমিনারে আরও বক্তব্য দেন ব্যবসায়ী নূর আলী, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা, চিকিৎসক নুজহাত চৌধুরী, ব্যাংকার আহমেদ আল কবির, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী প্রমুখ।