মানবাধিকার কমিশন আইন সংস্কারের সুপারিশ
জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে মানবাধিকার কমিশন আইন, ২০০৯ সংস্কারের সুপারিশ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এ আইনের ওপর পর্যালোচনা বিষয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ সুপারিশ করেন।
আলোচনায় বক্তারা আইনের সংজ্ঞা, কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বাছাই কমিটি, শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি ও কমিশনের আর্থিক স্বাধীনতাসহ বেশ কয়েকটি ধারার দুর্বলতা তুলে ধরেন। একই সঙ্গে সংজ্ঞার পরিধি ও কমিশনের সদস্যসংখ্যা বৃদ্ধি, বাছাই কমিটিতে সুশীল সমাজের প্রতিনিধি রাখা ও অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে সরাসরি বাজেট বরাদ্দ দেওয়ার সুপারিশ দেন।
আলোচনায় অংশ নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, আজ বেশি করে চিন্তা করতে হবে আইনের মধ্যে কী কী আছে, যেটা কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে। মানবাধিকারের একটা সূত্র—যেখানে মানবাধিকার বিরাজ করে, সেখানে স্বাধীনতা থাকবে, ন্যায়বিচার থাকবে, সেখানে শান্তি থাকবে। আজ মানবাধিকার কমিশনের স্বাধীনতাও নেই, তাদের প্রতি ন্যায়বিচারও নেই, তাদের শান্তিও নেই। তাদের যা যা প্রাপ্য, তার কোনো কিছুই পাচ্ছে না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ ধরনের কমিশন ততটুকু কার্যকর হবে, যতটুকু সরকার ও রাজনৈতিক নেতারা কার্যকর দেখতে চান। যদিও এটি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। সরকার ওয়াচ ডগ হিসেবে কাজ করবে—এই মানসিকতা যেমন সরকারের দরকার, তেমনি কমিশনেরও সেই মানসিকতা থাকতে হবে। বাছাই কমিটি সম্পর্কে অনেকে বলেছেন, প্রশাসনের নিয়ন্ত্রণে একটা কমিটি হয়ে যায়। পাঁচ সদস্যবিশিষ্ট বাছাই কমিটির প্রস্তাব দিয়ে তিনি বলেন, নির্দলীয় অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে ক্ষমতাসীন ও বিরোধী দল থেকে একজন করে দুজন প্রতিনিধি, নির্দলীয় সুশীল সমাজের দুজন প্রতিনিধি রাখা যেতে পারে। আইন মন্ত্রণালয়ের একজন সচিব সাচিবিক দায়িত্ব পালন করবেন। কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে দুটি পূর্বশর্ত বলা হয়েছে। এটা আরও সুনির্দিষ্ট হওয়া দরকার।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আইনটি সামগ্রিকভাবে অনেক জায়গায় পরিবর্তন দরকার।
সভাপতির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আইনের দুর্বলতা আমরা প্রথম দিন থেকেই জানতাম। এখন মনে করি, কাজ করার ফলে আস্থার জায়গাটা কিছুটা হলেও অর্জন করতে সক্ষম হয়েছি। যদি কাজ করার ক্ষমতাটা বিস্তৃত করা যায়, তাহলে জনগণকে আমরা আরও বেশি করে প্রতিকার দিতে সক্ষম হব।’
কমিশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের রিসার্চ ও পলিসি বিশেষজ্ঞ লুবনা ইয়াসিন কমিশনকে শক্তিশালী করতে ২০০৯ সালের ওই আইনের বিভিন্ন ধারা তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, অধ্যাপক এম এম আকাশ, তথ্য কমিশনার সাদেকা হালিম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।