রাজধানীর বিমানবন্দর সড়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সন্ত্রাসীদের ক্রসফায়ারে যুবলীগের নেতাসহ দুজন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের পক্ষ থেকে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা বিচারে হত্যাকাণ্ড ও গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার অন্তরায়। আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনা বিচারব্যবস্থা ও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে এবং মানুষের নিরাপত্তাবোধে চরম নাড়া খেয়েছে। রাষ্ট্রীয় হেফাজতে বন্দী থাকা অবস্থায় যেকোনো মানুষের এ ধরনের পরিণতি শঙ্কাজনক।