মানবাধিকার কমিশন চুপ করে বসে নেই
জাতীয় মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক বলেছেন, ‘আমরা নীরব নই। কথা বলার মতো লোকই নেই। আমাদের চেয়ারম্যান কিছু বলেন। সম্প্রতি শিশু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে প্রতিটি জেলায় ডিসিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। চিঠি দিয়েছি। আমরা চুপ করে বসে আছি তা নয়।’
আজ রোববার আইন ও সালিস কেন্দ্র (আসক) আয়োজিত ‘শিশু অধিকার সুরক্ষায় প্রয়োজন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শিশুদের জন্য শিশু ন্যায়পাল প্রতিষ্ঠার চেয়ে একটি নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হন। সভায় কাজী রিয়াজুল হক শিশুদের সার্বিক দিক দেখভালের জন্য আলাদা একটি কমিশন গঠনের পক্ষে মত দেন। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের বিভিন্ন সমস্যা তুলে ধরে নতুন কমিশন গঠিত হলে যাতে সে সমস্যাগুলো না থাকে তার দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান।
সেভ দ্য চিলড্রেনের সহায়তায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচকদের আলোচনায় বারবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রসঙ্গ আসে। বর্তমানে মানবাধিকার কমিশনসহ যে সব কমিশন কাজ করছে তারা আসলে কী করছে বা কতটুকু করতে পারছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
আজকের সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনে একজন স্থায়ী সদস্যের নেতৃত্বে সাত সদস্যের একটি শিশু অধিকার কমিটি গঠন করা হয়েছে। কমিশনের অধীনে এ ধরনের একটি কমিটি থাকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এ কমিটির বেশ কিছু সীমাবদ্ধতা আছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও এ কমিটি এ পর্যন্ত কী কী কাজ করেছে তা প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান হয়ে ওঠেনি। কমিশনে শিশুদের জন্য একটি আলাদা ডেস্ক নেই। ফলে এ ডেস্কে কোনো বিশেষজ্ঞ নেই। শিশুদের সঙ্গে সরাসরি যোগাযোগ বা আলোচনার সুযোগ নেই।
মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা প্রসঙ্গে রিয়াজুল হক বলেন, ‘কমিশনের টাকা ছাড়ের বিষয়টি সংসদ থেকে পাস হওয়ার পর তা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে যায়। কমিশনকে সচিবদের ওপর নির্ভর করে তা নিতে হয়। আমরা টাকা খরচ করব, অডিট হবে। সঠিকভাবে খরচ না করলে শাস্তি হবে। কিন্তু তা হচ্ছে না।’
রিয়াজুল হক বলেন, ‘আমরা কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে একটি বার্ষিক প্রতিবেদন দিয়ে চলে আসি। তারপর এ নিয়ে আমরা আর কিছু জানি না। অন্য দেশের কমিশনগুলো তাদের প্রতিবেদন সংসদে উত্থাপন করে। সেখানে তা নিয়ে আলোচনা হবেই। শিশুদের জন্য নতুন কমিশনের বেলায় এ বিষয়গুলো মাথায় রাখতে হবে।’