জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সবাই ভাবে, মানবাধিকার কমিশন এক ব্যক্তি নিয়ে চলছে। অচিরেই কমিশন ‘ওয়ান ম্যান শো’ থেকে বের হয়ে সত্যিকার প্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি কমিশনকে প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সবার সহযোগিতা চান।গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতিসংঘে পাঠানোর জন্য বাংলাদেশের মানবাধিকার প্রতিবেদন তৈরি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।মিজানুর রহমান বলেন, পুলিশি নির্যাতন বা শুধু এ ধরনের বিষয়ের মধ্যে সীমিত না রেখে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে মানবাধিকারের সংজ্ঞাকে বিস্তৃত করতে হবে।সভার প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দেশে মানবাধিকারের লঙ্ঘনজনিত কোনো ঘটনা ঘটলে মানবাধিকার কমিশন স্বাধীনভাবেই কাজ করবে। কমিশনও নিগৃহীত ব্যক্তির পক্ষ নিয়ে আইনের আশ্রয় নিতে পারে। সরকারও আইনানুগ ব্যবস্থা নেবে।সভায় জানানো হয়েছে, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ প্রক্রিয়ায় জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্রের সার্বিক মানবাধিকার পরিস্থিতি চার বছর পর পর পর্যালোচনা করা হয়। ২০১২ সালের মধ্যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাঠানোর জন্য বাংলাদেশের প্রতিবেদন প্রস্তুত করতে হবে।সভায় ২২টি মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, ভূমিসচিব মো. মোখলেসুর রহমান, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, সমাজকল্যাণসচিব রণজিৎ বিশ্বাস প্রমুখ।আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আটক রাখার বিষয়ে জাতিসংঘের বক্তব্য সঠিক নয়। আটক ব্যক্তিদের তদন্ত, বিচার দ্রুত হচ্ছে। তাই এ ধরনের আটককে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, তা বলা যাবে না। বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ১০ বছর পর্যন্ত আটক রাখার নজির আছে। মন্ত্রী আরও বলেন, দেশের বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যম মানবাধিকার বিষয়ে সোচ্চার।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) দেশীয় পরিচালক স্টিফেন প্রিজনার ইউনির্ভাসাল পিরিয়ডিক রিভিউ বিষয়ে কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক।