কৌশলগত পরিকল্পনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের পরামর্শ সভা
মানবাধিকার কমিশনকে স্বাধীন ও স্বাবলম্বী করার তাগিদ

জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে একে পুরোপুরি স্বাধীন করা উচিত। সক্রিয় করতে একে আর্থিকভাবেও স্বাবলম্বী করা জরুরি।
গতকাল রোববার জাতীয় মানবাধিকার কমিশনের (জামাকন) দ্বিতীয় পঞ্চবার্ষিক (২০১৬-২০২০) কৌশলগত পরিকল্পনা নিয়ে আয়োজিত পরামর্শ সভায় আলোচকেরা এ অভিমত দিয়েছেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জামাকন এ সভার আয়োজন করে।
উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের পাশাপাশি পাঁচটি পৃথক কর্ম-অধিবেশনে বক্তারা পাঁচ বছরের কর্মপরিকল্পনায় বিষয়ভিত্তিক পরামর্শ দেন। তাঁরা কমিশনের স্বাধীনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
সকালে পরামর্শক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওই অধিবেশনে সভাপতির বক্তৃতায় জামাকনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠান গঠন করলেই চলবে না, এ ধরনের প্রতিষ্ঠানকে সহযোগিতা দিতে হবে। এর মাধ্যমে কমিশনের স্বাধীনতা নিশ্চিত হতে পারে। পুরোপুরি স্বাধীন না হলে জামাকনের মতো প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হতে পারবে না।
স্পিকারকে উদ্দেশ করে মিজানুর রহমান বলেন, ‘৩২টা না হোক, অন্তত ১৬টা দাঁত তো জাতীয় মানবাধিকার কমিশনকে আমাদের দিতে হবে, যেন সময় সময় আমরা একটু কামড় দিতে পারি।’
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, মানব-মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে মানবাধিকার রক্ষা করে একটি শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জাতীয় মানবাধিকার কমিশন ও সরকারকে একযোগে কাজ করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে শুধু কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করলেই চলবে না, মানবাধিকার রক্ষায় এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাস্তবধর্মী পরামর্শ দিতে হবে।
একই অধিবেশনে অন্যান্যের মধ্যে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিচারপতি দারমার মুরুগেসান, নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিচারপতি প্রকাশ চন্দ্র শর্মা, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স ও জামাকনের পূর্ণকালীন সদস্য কাজী রিয়াজুল হক বক্তব্য উপস্থাপন করেন।
গতকালের প্রথম প্লেনারি সেশনে ভারত ও নেপালের মানবাধিকার কমিশনের সদস্যরা নিজেদের অভিজ্ঞতার কথা জানান। এ সময় ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিচারপতি দারমার মুরুগেসান বলেন, অভিযোগ গ্রহণের পাশাপাশি তদন্ত পরিচালনায় তাঁর দেশের কমিশনের নিজস্ব ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করেই স্বাধীনভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিধিমালা জারির ফলে ভারতে বিচারবহির্ভূত হত্যা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যুর সংখ্যা কমেছে।
সমাপনী অধিবেশনে সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেলও জামাকনের পূর্ণ স্বাধীনতার পাশাপাশি এর আর্থিক স্বাধীনতার ওপর গুরুত্ব দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিট ইলসায়েসার, জাতিসংঘের এদেশীয় পরিচালক পলিন টেমেসিস বক্তব্য দেন।