মানবাধিকার কমিশনে কেবল নেই আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল বা কোনো প্রাতিষ্ঠানিক বিচারিক সংস্থা নেই। নেই কোনো গবেষণা সেল। এমনকি এটা সংবিধানিক প্রতিষ্ঠানও নয়। বর্তমান কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনেও (২০১৫) তেমন কোনো সাফল্যের খবর নেই। এত অপূর্ণতা নিয়ে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হলো গতকাল বুধবার। তবে আজ বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান শেষ অফিস করছেন।

গত বছর গ্লোবাল অ্যালায়েন্স ফর ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনস পুনর্মূল্যায়নের পর কমিশনকে আবার ‘বি’ স্ট্যাটাস দেয়। তবে কমিশনের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, কমিশনের কোনো কর্মদোষে নয়, ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইনের বিশেষ কয়েকটি ধারায় ত্রুটির কারণেই কমিশন ‘বি’ স্ট্যাটাস পেয়েছে। এই ত্রুটিগুলো প্যারিস নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এই ধারাগুলো সংশোধন করলেই সর্বোচ্চ মর্যাদা ‘এ’ স্ট্যাটাস পেতে পারে বাংলাদেশ। 

দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তুলনায় কমিশনের সাফল্যগাথার তালিকাও ছোট। এর মধ্যে রয়েছে সন্তান ফিরে পেরে সহযোগিতা, বরগুনা সদর থানা এলাকায় স্থানীয় লোকদের চলাচলে বাধা সৃষ্টিতে প্রতিবাদ, স্কুলশিক্ষকদের বেতন-ভাতা পেতে সহযোগিতা, বয়স্ক ভাতা পেতে একজনকে সহযোগিতা, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় সন্দেহভাজন তানভীর আলমকে অবৈধভাবে গ্রেপ্তারের বিরুদ্ধে কমিশনের পদক্ষেপ। একই সঙ্গে শিশুদের জেলে না পাঠানো, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে কমিশন পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ‘মানবাধিকার’ এবং কমিশনের নাম এখন বেশিসংখ্যক মানুষ জানে। এ বিষয়কে কমিশন সাফল্যের তালিকায় রেখেছে। কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কমিশনের উদ্যোগে ২০১০ সালে পরিচালিত এক ভিত্তি জরিপ অনুযায়ী তখন মাত্র শতকরা ৫০ ভাগ উত্তরদাতা মানবাধিকার শব্দটির সঙ্গে পরিচিত ছিল। ৩২ ভাগ উত্তরদাতা মানবাধিকার কমিশন শব্দের সঙ্গে পরিচিত ছিল। তবে ২০১৪ সালে একই ধরনের আরেকটি জরিপ থেকে জানা যায়, শতকরা ৬৮ ভাগ মানবাধিকার শব্দটির সঙ্গে পরিচিত, ৪৫ ভাগ মানবাধিকার কমিশন শব্দের সঙ্গে পরিচিত। অর্থাৎ, মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে।

এ ব্যাপারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে দেখলাম কমিশনের দাঁত নেই। কামড় দিতে পারবে না। তাই চিৎকার করতে হবে, তবে সেই চিৎকার যে উন্মাদের চিৎকার নয়, তা প্রমাণ করতে হবে। তাই জনগণের সামনে হাজির হয়েছি। কমিশনকে পরিচিত করে তুলেছি। মানুষের মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয়েছে।’

মানবাধিকার কমিশনের মূল দায়িত্ব মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে কাজ করা। কমিশন ৪৮ জন স্থায়ী জনবল পেয়েছে। তবে কমিশনের সাংগঠনিক কাঠামোতে ১৩৯ জন লোকবলের উল্লেখ রয়েছে। ৯১টি শূন্যপদে নিয়োগের জন্য সরকারের সঙ্গে দেনদরবার করছে কমিশন। কমিশনের সাত সদস্যবিশিষ্ট কমিটিতে চেয়ারম্যান এবং সার্বক্ষণিক সদস্যসহ মাত্র দুজন পূর্ণকালীন। পাঁচজনই খণ্ডকালীন।
আক্ষেপ করে মিজানুর রহমান বলেন, কমিশনের জনবলস্বল্পতার কারণে বিভাগীয় পর্যায়ে কোনো অফিস চালু করা সম্ভব হয়নি। কমিশনের নিজস্ব কোনো ঠিকানাও নেই। মৌচাকে যাওয়ার সময় মুদির দোকান দিয়ে (আগোরার ওপরে) কমিশনের পরিচয় দিতে হয়। নেপাল, আফগানিস্তানের মতো দেশেও কমিশনে ৩০০ জনের বেশি জনবল।

কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমিশনের সচিব কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেন। তবে সচিব ও পরিচালকের পদ সরকার প্রেষণে নিয়োগ দিচ্ছে, যা প্যারিস নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। পদোন্নতির জন্য যোগ্য কাউকে পাওয়া না গেলে উপপরিচালক পদেও সরকার থেকে প্রেষণে নিয়োগ দেওয়া হচ্ছে। যখন সরকার থেকে প্রেষণে কর্মকর্তারা এসে কমিশনের উচ্চ পদগুলোতে কাজ করেন, তখন সেই কমিশন কতটুকু স্বাধীনভাবে কাজ করে, এ প্রশ্ন থেকেই যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমিশন ২০১৫-১৬ অর্থবছরে সরকারের কাছ থেকে ৩ কোটি ৮২ লাখ ২১ হাজার টাকার বরাদ্দ গ্রহণ করে। এর মধ্যে গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ১২৬ টাকা ব্যয় করে। এ অর্থবছরে কমিশন স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আর্থিক অনুদান পায়নি। মানবাধিকার কমিশন তহবিল গঠনের কথা থাকলেও তা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিশনের জন্য বাজেটে আলাদাভাবে বরাদ্দ রাখার দাবি তোলা হলেও তা এখন পর্যন্ত কার্যকর হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন ঘটলে কমিশন ঘটনার সরাসরি তদন্ত করতে পারে না। কমিশন বড়জোর সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারে।
কমিশনের বিভিন্ন সীমাবদ্ধতা প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘কমিশনের প্রতি আমরা মানুষের প্রত্যাশা তৈরি করেছি গগনচুম্বী, কিন্তু আমরা সেই পরিমাণ কাজ করতে পারিনি। এটা আমি স্বীকার করবই।’