মানবাধিকার কমিশনে দৃষ্টিপ্রতিবন্ধী ফারজানা

ফারজানা নাজনীন তুলতুল বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনে সহকারী পরিচালক (সমাজসেবা ও কাউন্সেলিং) হিসেবে কর্মরত। চোখে বেশ ভারী একটি সানগ্লাস। ফোনে কথা বলছেন। ল্যাপটপে কাজ করছেন। কাউন্সেলিংয়ের জন্য যাঁরা আসছেন, তাঁদের কাউন্সেলিং করছেন।
সানগ্লাস দেখে কারও কারও মনে একটু খটকা লাগে। তবে কথা বলে বা অন্য কোনোভাবে তেমন একটা অস্বাভাবিকতা খুঁজে পান না। তারপর যখন নিশ্চিত হন, তখন খানিকটা হোঁচট খান। কেননা, ফারজানা নাজনীন একজন দৃষ্টিপ্রতিবন্ধী।
গত বুধবার কমিশনের কার্যালয়ে বসেই কথা হয় ফারজানা নাজনীনের সঙ্গে। তাঁরা চার বোন, এক ভাই। বাবা মো. নুরুল কবীর হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। মা ফরিদা বেগমও শিক্ষকতা করতেন। তবে ফারজানাকে জীবনে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য মা চাকরি ছেড়েছেন।
ফারজানারবলেন, ‘মা আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন-আসতেন। ক্লাসের পড়া রেকর্ড করাসহ সব কাজ করতেন। বলতে পারেন, শুধু পরীক্ষার হলেই মা আমার সঙ্গে বসতে পারেননি।’
ফারজানা জুভেনাইল গ্লুকোমার শিকার। ২০০৬ সালের আগ পর্যন্তও মায়ের মুখ, পৃথিবীর আলো, সবই দেখতে পেতেন তিনি। ছোটবেলা থেকে ভারী চশমা চোখে থাকলেও তা তেমন সমস্যা মনে হতো না। চিকিৎসকও তেমন একটা বুঝতে পারেননি। কিন্তু যখন বুঝতে পারলেন, তখন আর সময় নেই। খুব দ্রুত ফারজানার চোখের আলো কমতে কমতে পুরো অন্ধকারে ডুবে যায়। এখন শুধুই অন্ধকার।
ফারজানাও এখন পর্যন্ত নিজের প্রতিবন্ধকতাকে পুরোপুরি মেনে নিতে পারেননি। আলোবিহীন দুই চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছিল। ফারজানা বলেন, ‘কিছুদিন আগেও সবকিছু দেখতে পেতাম। এখন কিছু দেখতে পাই না, এটাই সব থেকে বড় সমস্যা মনে হয়। আমারও তো পৃথিবীর সবকিছু দেখতে ইচ্ছা করে।’
ফারজানার টেবিলে ল্যাপটপের পাশে ব্রেইলের একটি ক্যালেন্ডার। ব্যাগের মধ্যে সাদাছড়িও আছে। তবে পুরোপুরি ব্রেইল বা সাদাছড়ির সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেননি। ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএ করেছেন। প্রথম যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন তিনি চোখে দেখে নিজেই পরীক্ষা দিয়েছিলেন। তবে পরে চোখের সমস্যা দেখা দিলে পড়াশোনা বন্ধ থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে আবার পড়ার সুযোগ দেয়।
ফারজানার কাজের কথা বলতেই মুখটি হাসিতে ভরে যায়। জানালেন, সবার সঙ্গে প্রতিযোগিতা করেই তিনি এ পদে চাকরি পেয়েছেন। তবে এ ক্ষেত্রে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তাঁর মতে, কর্মক্ষেত্রে সবার সহযোগিতা ছাড়া কাজ করা অসম্ভব। তবে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা কর্মকর্তা হচ্ছেন, তা দেখতে সমাজ এখন পর্যন্ত ঠিকমতো প্রস্তুত নয় বলে খুব খারাপ লাগার কথাও জানান।
ফারজানা একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, একজন শিক্ষককে কাউন্সেলিং করেন। ওই শিক্ষক কয়েক দিন আসেন তাঁর কাছে। তাঁকে একটি আবেদন নিয়ে আসতে বলা হয়। ওই শিক্ষক আবেদনপত্রটি ঠিক আছে কি না, তা ফারজানাকে দেখে দেওয়ার জন্য অনুরোধ করেন।
ফারজানার মতে, লোকজন কাউন্সেলিং পছন্দ করে না। সবাই চায় দ্রুত সমাধান। কাউন্সেলিংয়ে একবার এসেই দায়িত্ব শেষ মনে করে।
ফারজানাকে ফোনে ব্যস্ত থাকতে হয়। ফোনে অভিযোগ শোনেন। তা কমিশনে অভিযোগ আকারে নেওয়ার মতো না হলে পরামর্শ দেন। আর অভিযোগ আকারে নেওয়ার মতো হলে তাদের কমিশনে আসতে বলেন। তখনো অনেকের কাউন্সেলিং-সেবার প্রয়োজন হয়।
ফারজানা মা-বাবার সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরে থাকেন। সেখান থেকে বড় মগবাজারে কমিশনের অফিসে আসেন অফিসের গাড়িতে। বাড়ি ফিরেও নিজের জামাকাপড় ইস্তিরি করাসহ বিভিন্ন কাজ নিজেই করেন।
আবারও মন খারাপের পালা। ফারজানা জানালেন, ছোটবেলা থেকেই চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল। মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকেছিলেন, তবে চোখের সমস্যার কারণে পড়তে পারেননি। একইভাবে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা ছিল, তাও সম্ভব হয়নি।
নিজেই বললেন, ‘২০০৬ সালের ফারজানা আর এখনকার ফারজানা এক না। ল্যাপটপে বিশেষ প্রযুক্তির মাধ্যমে পত্রিকার অনলাইন ভার্সন পড়েন। ফেসবুকও আছে। তবে ছবি দেখতে পাই না বলে কারও ছবিতে শুধু লাইক দিই না। আগে নিজের প্রতিবন্ধকতার বিষয়ে কথা বলতাম না, এখন ভাবি আমাকে দেখেও তো অন্যরা উৎসাহ পেতে পারে।’