মানবাধিকার কমিশনে স্মারকলিপি দিলেন আন্দোলনরত শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা গতকাল রোববার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আন্দোলনরত ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’-এর সভাপতি মো. এশারত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দুপুরে মগবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে মিজানুর রহমানের কাছে স্মারকলিপি দেয়। এর আগে শিক্ষক-কর্মচারীরা ভবনটির নিচে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। শিক্ষকেরা অভিযোগ করেন, তাঁদের লক্ষ্য করে তরল কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ অভিযোগ অস্বীকার করেন। স্মারকলিপি দেওয়ার পর মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের হস্তক্ষেপে বেলা দুইটা পর্যন্ত তাঁর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে সক্ষম হন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে মৌন মিছিল বের করে তাঁরা জাতীয় প্রেসক্লাবের দিকে যেতে চাইলে মৎস্য ভবনের সামনে পুলিশ থামিয়ে দেয়। সেখানেই আজ সোমবার শহীদ মিনারে অনশন করার ঘোষণা দেওয়া হয়।কাঁদানে গ্যাস ছোড়া নিন্দনীয়: শিক্ষক-কর্মচারী নেতারা স্মারকলিপি দেওয়ার সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তাঁদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ প্রসঙ্গে বলেন, ‘এটা নিন্দনীয় কাজ করেছে পুলিশ প্রশাসন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুলিশ প্রশাসনকে বলব, ভবিষ্যতে যেন এ ধরনের আচরণ শিক্ষকদের প্রতি না করা হয়।’ঐক্যজোটের দাবির প্রতি একাত্মতা পোষণ করে মিজানুর রহমান বলেন, ‘মানবাধিকার কমিশন এ দাবির সঙ্গে পুরোপুরি একমত। তাঁদের এই দাবিকে আমাদের অন্যতম দাবি হিসেবে সরকারের কাছে উপস্থাপন করব। আমি দাবি জানাব তারা (সরকার) যেন সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে।’ ধর্মঘট চলছে: জাতীয় শিক্ষানীতির পুরোপুরি বাস্তবায়নসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ গতকাল দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেছে।