মানবাধিকার কমিশনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সম্প্রতি পর পর তিনটি হত্যায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হককে ডেকে এই উদ্বেগের কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিএমপি কমিশনারকে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। বলেছি, এ ধরনের ঘটনায় কমিশন বিচলিত। এ ঘটনার তদন্ত যেন যথাযথ ও নিরপেক্ষভাবে হয় এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়, আমরা সেই বিষয়টি পুলিশ কমিশনারকে বলেছি। এ-ও বলেছি, যেনতেন রকমের তদন্ত হলে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করবে না।’ তিনি বলেন, ডিএমপি কমিশনার এসব ঘটনার সৎ ও নিরপেক্ষভাবে তদন্তের আশ্বাস দিয়েছেন। তদন্তে যদি কোনো পুলিশ কর্মকর্তার দোষ পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পুলিশকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না—জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান বলেন, এ ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে কমিশন সেটাই চায়। এ জন্য পুলিশকে প্রয়োজনে মানবাধিকার-বিষয়ক যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ কথা ডিএমপি কমিশনারকে বলা হয়েছে।পুলিশে মারলে কার কাছে যাইতাম: ‘আর কেউ মারলে পুলিশের কাছে যাইতাম, এহন পুলিশই তো মারছে। আমরা আর কার কাছে যাইতাম। পুলিশের নামে মামলা তো পুলিশ নেয় না।’ বলছিলেন রাজধানীর গাবতলীতে নিহত পরিবহনকর্মী মজিবর রহমানের ভাই জাকির হোসেন। গত শুক্রবার তুরাগ নদে মজিবরের লাশ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ দারুসসালাম থানার পুলিশ তাঁকে পিটিয়ে হত্যা করেছে।সাম্প্রতিক সময়ে রাজধানীতে পুলিশের হাতে তিনজনের মৃত্যুর অভিযোগ উঠলেও কোনো ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা হয়নি। তিনটি ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ যাচাইয়ে মহানগর পুলিশ গঠন করেছে তিনটি তদন্ত কমিটি। নিহত মজিবরের ভাই জাকির হোসেন প্রথম আলোকে বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশ কর্মকর্তা হেকমত, সায়েম ও মশিউর এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করতে গেলেও মামলা নেয়নি থানা। তাই তাঁর বাবা ইব্রাহিম ইউনুস বাদী হয়ে শুধু পুলিশের তিন কথিত সোর্সের বিরুদ্ধে মামলা করেছেন।জাকির হোসেন আরও বলেন, তাঁরা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন।এ ছাড়া গুলশান থানা পুলিশের গুলিতে ব্যবসায়ী মিজানুর রহমান ও রমনা থানা পুলিশের হেফাজতে অটোরিকশাচালক বাবুল গাজী নিহত হওয়ার ঘটনাতে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। বাবুল গাজীর স্ত্রী সুভা আক্তার প্রথম আলোকে বলেন, ‘পুলিশের নামে পুলিশ নাকি মামলা নেয় না। এ জন্য মামলা করতেই যাই নাই। কোর্টে মামলা করতে ট্যাকা লাগে। আমার তো পেট চালানোরই ট্যাকা নাই। আমি ক্যামনে মামলা চালামু।’