মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সামিউলের বাড়িতে যাচ্ছেন আজ
সিলেটে নির্মম পিটুনিতে নিহত শিশু শেখ সামিউল আলম রাজনের বাড়িতে এবার আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি রাজনের বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাবেন। এর আগে শিশুটির বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারকে ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী।
কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের রাজনদের বাড়িতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা খান মো. রবিউল আলম। গতকাল সোমবার বিকেলে তিনি প্রথম আলোকে জানান, কমিশনের চেয়ারম্যান শিশু রাজনের বাবা-মাকে সমবেদনা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার খুঁটিনাটি বিষয়গুলোও জেনে নেবেন।
সবজিবিক্রেতা শিশু রাজনকে (১৪) গত ৮ জুলাই চোর অপবাদে নির্যাতন করে হত্যা করা হয়। রাজনকে নির্যাতন ও হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১২ জন।
রাজন হত্যা মামলা কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালনকারী সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, খুব দ্রুতই চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এখন সে লক্ষ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ অভিযোগপত্র দাখিল করা হতে পারে, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেছেন।