জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের শূন্যপদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে নিয়োগের চেষ্টা চলছে। তবে এই প্রচেষ্টার বিরোধিতা করেছেন চেয়ারম্যান নিয়োগে বাছাই কমিটির একাধিক সদস্য। আমলা নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতায় চেয়ারম্যানের পদটি শূন্য প্রায় এক মাস ধরে।
দুই দফা মেয়াদ শেষে গত ২৩ জুন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন অধ্যাপক মিজানুর রহমান। তিনি তাঁর কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ফিরে গেছেন।
মানবাধিকারকর্মী এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, সব ক্ষেত্রে নির্বাহীদের দিয়ে চালানোর একটি প্রবণতা আছে। এটি (আমলা নিয়োগ) সেই চেষ্টারই অংশ। তিনি বলেন, ‘মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠান তো খামোখা তৈরি হয়নি। এর চেয়ারম্যানের পদেও নির্বাহীদের যুক্ত করলে এর উদ্দেশ্যই ব্যাহত হবে।’
মানবাধিকার কমিশন আইন অনুযায়ী, চেয়ারম্যান নিয়োগে সুপারিশ করবে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সাত সদস্যের একটি কমিটি। বর্তমান কমিটিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়া আছেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, স্পিকার মনোনীত দুই সাংসদ আওয়ামী লীগদলীয় আ ফ ম রুহুল হক ও জাতীয় পার্টির ফখরুল ইমাম এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। চেয়ারম্যান নিয়োগের জন্য প্রথম সভাটির তারিখ নির্ধারিত ছিল গত ২৬ জুন। কিন্তু এ সভার দুই ঘণ্টা আগে তা স্থগিত হয়। আবার তা ১৪ জুলাই নির্ধারিত হয়। কিন্তু সেখানে দুই ঘণ্টা আলোচনায় আমলাদের নিয়োগের জন্য প্রস্তাব দেওয়া হয়। সেখানে বর্তমান কমিশনে কাজ করা একজন সদস্য এবং সাবেক এক সচিবের নাম আসে। কিন্তু বাছাই কমিটির কয়েকজন সদস্য এর বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষকের নাম প্রস্তাব করেন। কিন্তু বাছাই কমিটির সদস্যরা কারও বিষয়ে একমত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে আজ পুনরায় সভার তারিখ নির্ধারণ করা হয়। বাছাই কমিটির সদস্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রথম আলোকে বলেন, ‘আইনে যা আছে, সেই অনুসারে চেয়ারম্যান নিয়োগ হবে।’