মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদে থাকা নিয়ে রুল
দুই দফায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য পদে থাকার কারণে ওই কমিশনের চেয়ারম্যান পদে কাজী রিয়াজুল হকের দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে। হাইকোর্টে একটি বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে কাজী রিয়াজুল হকের কাছে জানতে চেয়েছেন, কোন কর্তৃত্ববলে তিনি ওই পদে আছেন।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ওই বেঞ্চ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন। ৯ নভেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গত আগস্টে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কাজী রিয়াজুল হক। এর আগে তিনি দুই দফায় কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিটে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন আইনের ২(এইচ)৬(৩) ধারা অনুযায়ী, দুবারের বেশি নিয়োগ হলে তা বেআইনি।