মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সমালোচনায় ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বনানীতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পুলিশের সমালোচনা করে দেওয়া জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের নিন্দা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

গতকাল মঙ্গলবার খুলনায় এক অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘ঢাকায় ছাত্রী ধর্ষণের ঘটনার এক মাস পরও পুলিশ কিছু জানল না। তারা কোনো কিছুই করতে পারল না, তাহলে পুলিশের প্রয়োজনটা কী আমাদের জন্য?’
কাজী রিয়াজুল হকের এ বক্তব্যের সমালোচনা করে ডিএমপি কমিশনারের বিবৃতিতে বলা হয়, ‘যে মুহূর্তে পুলিশ আসামি গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের মন্তব্য তদন্তকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার শামিল।’ বিবৃতিতে বলা হয়, আলোচ্য ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বাস্তবতাবিবর্জিত মন্তব্য পুলিশের প্রতি সাধারণ মানুষের মনে বিরূপ মনোভাবের সৃষ্টি করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।
ডিএমপি কমিশনারের বিবৃতিতে বলা হয়, ঘটনার ৩৭ দিন পর থানা-পুলিশকে অবহিত করার কারণে ঘটনা-সংশ্লিষ্ট অনেক আলামত ও সাক্ষ্য বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা মামলার আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।