এক মাসেরও বেশি সময় ধরে শূন্য থাকার পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার কাজী রিয়াজুল হককে এ পদে নিয়োগ দিয়েছেন। সাবেক আমলা রিয়াজুল হক মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে কর্মরত ছিলেন। চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি কমিশনের সার্বক্ষণিক সদস্য এবং পাঁচজন অবৈতনিক সদস্যও গতকাল নিয়োগ পেয়েছেন।
চেয়ারম্যান নিয়োগে কালক্ষেপণ এবং এ পদে আমলা নিয়োগ দেওয়ার চেষ্টার বিষয়ে দেশের শীর্ষ মানবাধিকারকর্মীরা অসন্তোষ জানিয়েছিলেন।
দুই দফা মেয়াদ শেষে গত ২৩ জুন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে বিদায় নেন অধ্যাপক মিজানুর রহমান। তিনি তাঁর কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ফিরে গেছেন।
এ অঞ্চলের দেশগুলোর মানবাধিকার কমিশনে এক মিয়ানমার ছাড়া সব দেশেই বিচারপতি বা শিক্ষাবিদদের চেয়ারমান পদে নিয়োগ দেওয়া হয়। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এইচ এল দাত্তু। পাকিস্তানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জোহরা ইউসুফ সাবেক বিচারপতি। আফগানিস্তানের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সিমা সামার দেশটির সুপরিচিত মানবাধিকারকর্মী। নেপালের সাবেক বিচারপতি অনুপ রাজ শর্মা এখন দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মিয়ানমারের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উইন ম্রাকে ২০১২ সালে নিয়োগ দেয় তৎকালীন সেনাসমর্থিত সরকার। তিনি সাবেক সরকারি আমলা।
মানবাধিকারকর্মী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল নতুন চেয়ারম্যান রিয়াজুল হককে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি দীর্ঘ সময় ধরে কমিশনে ছিলেন। তাঁকে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজের ধারাবাহিকতা রক্ষা হবে। সেদিক দিয়ে নিয়োগটি ভালোই হয়েছে। তিনি বলেন, ‘চেয়ারম্যান পদে আমলাতন্ত্রের বাইরে থেকে কাউকে বেছে নেওয়া হলে তা আরও ভালো হতো। তবে আমার আশা, নতুন চেয়ারম্যান তাঁর আমলা পরিচয়ের বাইরে এসে কাজ করবেন।’
আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, বাংলাদেশের মানবাধিকার কমিশন আমলানির্ভর কমিটি গঠন করল। মানবাধিকার লাগাতার সংগ্রামের বিষয়। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রাষ্ট্রের জবাবদিহির বিষয় থাকে। যেটা বিচার বিভাগের কেউ, শিক্ষাবিদ বা মানবাধিকারকর্মী হলে তিনি যে ভূমিকা নিতে পারতেন, সেখানে আমলানির্ভর কমিশন কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়ে গেল।
এদিকে কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম। নতুন নিয়োগ পাওয়া অবৈতনিক সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান আখতার হোসেন, ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরী এবং সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ নূরুন নাহার ওসমানী।