ধর্ষণের শিকার এক শিশুকে সহায়তার ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এ রুল দেন।
এ ছাড়া কমিশনের এক প্রতিবেদনে ব্যক্তিপর্যায়ে সংঘটিত খুন, ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপ ‘মানবাধিকার লঙ্ঘন নয়’-বলে উল্লেখ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই শিশুর পক্ষে করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
পরে আদেশের বিষয়টি জানিয়ে আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ৩০ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রামে ওই শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। ১৪ ফেব্রুয়ারি আসামি জামিন পান। এরপর ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ভয়ে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে ওই আদেশের নকল পাওয়ার জন্য দুই দফা জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা চেয়ে আবেদন করে। কিন্তু কমিশন নিষ্ক্রিয় থাকে। দুটি আবেদন দাখিলের পর কমিশন কেন চুপ ছিল, সে বিষয়ে ১০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাখ্যা জানাতেও বলা হয়েছে।