মানবাধিকার কমিশনের প্রথম শাখা রাঙামাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাইরে জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম জেলা শাখা খোলা হলো পার্বত্য জেলা রাঙামাটিতে। গত মঙ্গলবার থেকে জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। কমিশনের উপপরিচালক কাজী সালাউদ্দিন নতুন এই কার্যালয়ের দায়িত্ব পেয়েছেন বলে আজ কমিশন সূত্রে জানা গেছে।

২০১০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন। আইন অনুযায়ী কমিশন দেশের প্রতিটি জেলায় একটি শাখা কার্যালয় খুলতে পারে। তবে এত দিন কমিশনের কাছে কোনো অভিযোগ জানাতে সবাইকেই ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে হতো।

মানবাধিকার কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানবাধিকার লঙ্ঘনের যেকোনো অভিযোগ এখন থেকে রাঙামাটির এই কেন্দ্রে দায়ের করা যাবে। রাঙামাটির পৌরসভার রাজবাড়ি সড়কে এই নতুন শাখা খোলা হয়েছে।

রাঙামাটিতে প্রথম শাখা খোলার বিষয়ে আজ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আমরা ঢাকার বাইরে অন্তত চারটি কার্যালয় খোলার বিষয়ে ভাবছি। এর প্রথম পদক্ষেপ হিসেবে রাঙামাটিতে শাখা খোলা হলো। এর পরেরটি এ মাসেই খুলনায় খোলা হবে। পরে রাজশাহী ঢাকা বিভাগের কোনো জেলা শহরে আর দুটি কার্যালয় খোলা হবে।’

কাজী রিয়াজুল হক বলেন, পার্বত্য এলাকার মানবাধিকার পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। আবার এই এলাকায় জাতিগত সংখ্যালঘুদের সংখ্যাও অনেক। প্রান্তিক এসব মানুষ রাজধানীতে আসতে পারে না। এসব মানুষের সুবিধার কথা বিবেচনা করেই রাঙামাটিতে শাখা খোলা হলো।

কমিশনের জেলা শাখায় প্রধান হিসেবে দায়িত্ব পাবেন উপপরিচালক পদমর্যাদার কেউ। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা কমিশনের উপপরিচালক হন। কমিশন সূত্র জানায়, এখন কমিশনে মাত্র একজন উপপরিচালক আছেন। এই পদে নতুন নিয়োগ হওয়ার পরপরই বাকি তিনটি জেলায় কার্যালয় খোলা হবে।