মানবাধিকার কমিশনের ভূমিকায় বিস্মিত নাগরিক ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোনালাপের জের ধরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে নাগরিক ঐক্য।
সংগঠনটি গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া একটি চিঠির খবর তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। একটি তদন্তাধীন বিষয়ে এভাবে চিঠি দেওয়ায় সংগঠনটি বিস্মিত হয়েছে। তারা আশা করে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৭ দিন ধরে চলমান সংকট, পেট্রোলবোমা ও ক্রসফায়ারে শতাধিক মানুষের প্রাণহানি ও অর্থনীতির ক্ষতি ভয়াবহ আকার নিয়েছে। দলীয় সন্ত্রাসের মতো রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মৃত্যু নিয়ে প্রশ্ন রয়েছে। অভিজিৎ রায় হত্যার বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তাও সবার জানা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পরিস্থিতিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রশংসা করেছেন। মানবাধিকার রক্ষায় দায়িত্বপ্রাপ্ত এই সাংবিধানিক প্রতিষ্ঠান একটি তদন্তাধীন বিষয়ে হস্তক্ষেপ করাকে জরুরি মনে করেছে। এভাবে কারও ন্যায়বিচার পাওয়ার পথ বন্ধ করা গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে প্রশ্ন উঠতেই পারে।