মানবাধিকার কমিশনের শুনানিতে রেইনট্রির দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর রেইনট্রি হোটেলে দুজন শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশন গঠিত কমিটির শুনানিতে আজ অংশ নিয়েছিলেন হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন ও মহাব্যবস্থাপক ফ্রাঙ্ক ফরগেট। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর কারওয়ান বাজারে কমিশনের কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়।

আজকের এ শুনানিতে অংশ নেওয়ার জন্য গত মঙ্গলবার রেইনট্রির এই দুই কর্তাব্যক্তি এবং গুলশানের উপপুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলীকে তলব করা হয়। মানবাধিকার কমিশনের সূত্র জানায়, পুলিশের এই দুই কর্মকর্তা আজ আসেননি। তাঁরা সময় প্রার্থনা করেছেন। কমিশন আগামী ৪ জুন সকাল সাড়ে ১০টায় এ দুজনের শুনানি গ্রহণ করবেন।
বনানীর ঘটনা অনুসন্ধানে গত ৮ এপ্রিল পাঁচ সদস্যের কমিটি গঠন করে কমিশন। ১৩ মে এই কমিটির দুজন সদস্য রেইনট্রি হোটেল পরিদর্শনে যান।
কমিটির প্রধান এবং কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, পরিদর্শনে গিয়ে তাঁরা যেসব তথ্য পেয়েছিলেন সেগুলো আবার যাচাইয়ের জন্য এই দুজনকে ডাকা হয়। আজকের শুনানিতে হোটেলটির ব্যবস্থাপনা, এর পরিচালনার প্রক্রিয়া নিয়ে কথা হয়। অনুসন্ধান কমিটির সদস্যরা ওই দিনের ঘটনাসহ নানা খুঁটিনাটি বিষয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করেন।
নজরুল ইসলাম বলেন, এ ঘটনার অনুসন্ধানে এভাবে আরও অনেককেই ডাকতে হবে।
আজকের এই শুনানিতে কমিশনের দুই সদস্য অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা ও অধ্যাপক আখতার হোসেন, কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. শরিফ উদ্দিন এবং এ কমিটির সদস্যসচিব এম রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
আজকের শুনানি এক ঘণ্টা স্থায়ী হয়।
রেইনট্রির দুই কর্তাব্যক্তির সঙ্গে দুজন আইনজীবী এবং একজন দোভাষী ছিলেন।