মানবাধিকার না থাকলে মানুষের মঙ্গল হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। কিন্তু দেশের মানবাধিকার পরিস্থিতির আশানুরূপ কোনো উন্নতি নেই। শত উন্নয়ন হলেও মানবাধিকার না থাকলে উন্নয়ন দিয়ে মানুষের মঙ্গল হবে না।
‘ক্ষুদ্র জাতিসত্তার মানবাধিকার প্রতিবেদন ২০১৬’-এর প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন মিজানুর রহমান। প্রতিবেদনটি তৈরি করেছে মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশন। রাজধানীর ফার্মগেটের ডেইলি স্টার ভবনে গতকাল এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
মিজানুর রহমান বলেন, মানবাধিকার সুরক্ষিত রাখতে হলে খেয়াল রাখতে হবে, জনগণ যেন অ-জনগণে রূপান্তরিত হয়ে না যায়। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ক্ষুদ্র জাতিসত্তার মানুষ দিন দিন অ-জনগণে পরিণত হচ্ছে। তিনি আরও বলেন, গাইবান্ধার এসপিকে খাগড়াছড়ি বদলি করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মামলার তদন্ত চলা পর্যন্ত তাঁকে বরখাস্ত করে রাখা উচিত ছিল।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ এখন কঠিন পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। এ কাজ রাষ্ট্রকেই করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেন। বক্তব্য দেন নিজেরা করি-এর সমন্বয়ক খুশী কবির, কাপেংয়ের ভাইস চেয়ারপারসন চৈতালি ত্রিপুরা প্রমুখ। প্রতিবেদনের মূল বক্তব্য তুলে ধরেন সংগঠনটির নির্বাহী পরিচালক পল্লব চাকমা।