মানবাধিকার নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বাক্স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। গত বুধবার লন্ডনে এক সেমিনারে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁরা এ উদ্বেগ প্রকাশ করেন।
‘বাংলাদেশ: স্বাধীনতার ৪৩ বছর, উন্নয়ন, মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার হুমকি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সর্বদলীয় কমিটি। সেমিনারে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা দলীয় স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্ব বাদ দিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান।
সেমিনারের শুরুতেই কমিটির ভাইস চেয়ারম্যান লর্ড এভবেরি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগের সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ করা ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।’
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলা বিচার প্রসঙ্গে লর্ড এভবেরি বলেন, বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আছে। অবশ্য সম্প্রতি সুপ্রিম কোর্ট সাজাপ্রাপ্তদের আপিল করার সুযোগ দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধি আব্বাস ফয়েজ সম্প্রচার নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে এ নীতিমালা বড় বাধা। গণমাধ্যমের সম্পাদকদের রাষ্ট্রীয় বাহিনী থেকে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া টক শোতে কারা যেতে পারবেন, সে বিষয়ও সরকার ঠিক করে দিচ্ছে।’
সেমিনারে সমন্বয়কের ভূমিকা পালন করেন লর্ড এভবেরির মুখপাত্র সুজিত সেন।
পাল্টাপাল্টি অভিযোগ: সেমিনারে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধিরা বলেন, খুন, গুম, হত্যা ও গ্রেপ্তারের মাধ্যমে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের পথে এগোচ্ছে। ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকারে এসে দলটি আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের ওপর নির্ভর করছে। প্রশাসনিক জবাবদিহি না থাকায় মানবাধিকার পরিস্থিতির ঘটছে অবনতি।
তবে আওয়ামী লীগের প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেন। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সাংসদ তারানা হালিম বর্তমান সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ তুলে ধরেন।
সেমিনারে মানবাধিকারকর্মী পুষ্পিতা ঘোষ ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। আওয়ামী লীগের প্রতিনিধিরা এসব হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন। কিন্তু বিএনপির প্রতিনিধিরা হামলার জন্য পাল্টা আওয়ামী লীগকেই দায়ী করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম তাঁর বক্তব্যে বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ওই নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি। নির্বাচনে বিএনপি অংশ নিলে এবং ভোটারদের হুমকি না দিলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো।
জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি নির্বাচন নিয়ে এইচ টি ইমামের দেওয়া বক্তব্য স্মরণ করিয়ে দেন।