মানবাধিকার নিয়ে সেমিনার এবং...
‘আমার প্রকল্পের অর্ধেক সম্পত্তি ব্যারিস্টার মইনুল হোসেন ও তাঁর ঘনিষ্ঠ বাদশার নামে লিখে দিতে বলা হয়। আমি দিইনি। এ জন্য আমার নামে ১৬টি চাঁদাবাজির মামলা দেওয়া হয়। আমার ১২০ কোটি টাকার মাছ লুট করা হয়। আজ আমি নিঃস্ব। আমি কার কাছে এর বিচার চাইব?’গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মানবাধিকার লঙ্ঘনের অতীত এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে ময়মনসিংহের ভালুকার কথিত ‘দরদি’ মোকাররম হোসেন গত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মইনুল হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ওই লোকটি (মোকাররম) ভূমিদস্যু। ভালুকায় সে সরকারের বিশাল জমি বন্দোবস্ত নিয়েছিল। সেই জমি বেআইনিভাবে ভরাট করে প্লট বানিয়ে বিক্রি করতে চেয়েছিল। আমি তা হতে দিইনি। এরপর ও আমাকে এক আর্মি অফিসারেরও ভয় দেখিয়েছে। ও আমাকে ব্ল্যাকমেইল করতে চায়।’মানবাধিকার বিষয়ে এ সেমিনারের আয়োজক কবিদের একটি সংগঠন বাংলাদেশ পোয়েটস ক্লাব। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোরশেদসহ সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।মোকাররম হোসেন জানান, তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধামাউরা গ্রামে। তিনি ভালুকায় সরকারি ১৫৫ দশমিক ৩৯ একর জমি বন্দোবস্ত নিয়ে একটি মৎস্য প্রকল্প করেন। ওই প্রকল্পের কাছাকাছি মইনুল হোসেনের একটি বাংলো আছে। মোকাররমের দাবি, এক দিনে তাঁর বিরুদ্ধে ১৬টি চাঁদাবাজির মামলা দেওয়া হয়। তাঁকে ক্রসফায়ারে দেওয়ার জন্যও নেওয়া হয়েছিল। টাকা দিয়ে রেহাই পেয়েছেন।আমাদের ময়মনসিংহ অফিস জানায়, মোকাররম হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকায় মাছ চাষের জন্য সরকারি জলাশয় ইজারা নিয়ে মাটি ভরাট ও জমি দখলের অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। তিনটি মামলায় তাঁর ২৭ বছরের সাজা হয়েছে। জমিসংক্রান্ত জটিলতা নিরসন করে না দেওয়ায় ২০০৭ সালে ভালুকার তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দেওয়ার নাটক সাজিয়ে গ্রেপ্তার করান বলে তাঁর বিরুদ্ধ অভিযোগ আছে। ওই সময় ভুক্তভোগী এলাকাবাসী বিষয়টি ভূমি উপদেষ্টা মঈনুল হোসেনের নজরে আনেন এবং প্রতিকার চেয়ে আবেদন করেন। ২০০৭ সালের ১৬ আগস্ট ভালুকা থানায় দায়ের করা একটি মামলায় ময়মনসিংহ শহর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাররম হোসেনকে গ্রেপ্তার করে।