মানবাধিকার পরিস্থিতি দেখভালের দায়িত্বে পররাষ্ট্রের এক পরিচালক
দেশের মানবাধিকার পরিস্থিতি দেখভালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনু বিভাগের অধীনে নির্দিষ্ট একজন পরিচালক দায়িত্ব পালন করবেন। মানবাধিকার বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় করবেন তিনি।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ সোমবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে মানবাধিকারসংশ্লিষ্ট সব বিষয় দেখভাল করার জন্য মন্ত্রণালয়ের একজন পরিচালক কাজ করবেন। তিনি মন্ত্রণালয়ের জাতিসংঘ অনু বিভাগের মহাপরিচালকের অধীনে দায়িত্ব পালন করবেন।
গত ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশে ও বিদেশে নানামুখী আলোচনা-সমালোচনা হচ্ছে। এরই মধ্যে মানবাধিকার পরিস্থিতি দেখভালের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত নিল সরকার।
বিভিন্ন দেশ, অঞ্চল, জোট, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনু বিভাগের (উইং) মাধ্যমে সমন্বয় করা হয়। জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি দেখভাল করে মন্ত্রণালয়ের জাতিসংঘ অনু বিভাগ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ রাতে এই প্রতিবেদককে জানান, অতীতেও জাতিসংঘ অনু বিভাগের অধীনে মানবাধিকারের বিষয়গুলো নিয়ে নির্দিষ্টভাবে একজন পরিচালক দায়িত্ব পালন করতেন। কিন্তু বেশ কয়েক বছর ধরে ওই অনু বিভাগের একজন পরিচালকই অন্যান্য বিষয়ের পাশাপাশি মানবাধিকারের দিকটি দেখভাল দেখতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকারের বিষয় দেখভালের জন্য দায়িত্ব পালনকারী পরিচালক দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করবেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে উন্নয়ন সহযোগীদের কোনো সুপারিশ থাকলে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে তিনি সমন্বয়ও করবেন।