মানবাধিকার পরিস্থিতি নিয়ে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির উদ্বেগ
দেশের মানবাধিকার ও মৌলিক অধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে উল্লেখ করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার সুরক্ষা কমিটির আহ্বায়ক শাহদীন মালিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোর আহুত লাগাতার হরতাল ও অবরোধে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক জীবন পর্যুদস্ত। অন্যদিকে রাজনৈতিক সহিংসতায় পেট্রলবোমায় হতাহতের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, সেইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুম-খুন ও অপহরণের অভিযোগও বাড়ছে। রাজনৈতিক পক্ষগুলোর মতবিরোধের সুযোগ নিয়ে নিষিদ্ধ ও অবাঞ্ছিত গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠছে।
বিজ্ঞপ্তিতে অবিলম্বে অভিজিৎ রায়ের হত্যাকারী এবং রাফিদা আহমেদ বন্যার ওপর আক্রমণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যারও দাবি জানানো হয়েছে। মৌলিক মানবাধিকার সমুন্নত রেখে আইনি কাঠামোর মধ্যে নিষিদ্ধ ও অবাঞ্ছিত গোষ্ঠীর তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি মনে করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।