মানুষের জন্য ফাউন্ডেশনের অনুষ্ঠানে বক্তারা
মানবাধিকার প্রতিষ্ঠায় শুধু ১০ ডিসেম্বর নয়, সারা বছর কাজ করতে হবে
শুধু ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নয়, প্রতিদিনই মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। তৃণমূলের মানবাধিকারকর্মীদের কাজের স্বীকৃতি দিতে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বাংলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় শুধু প্রতিবছরের ১০ ডিসেম্বর অনুষ্ঠান আর স্লোগানে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাস্তবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিদিন অধিকারের কথা বলতে হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
স্পিকার আরও বলেন, মানবাধিকারকর্মীরা কখনো স্বীকৃতির জন্য কাজ করেন না। কিন্তু অন্যদের উৎসাহিত করতে মানবাধিকারকর্মীদের কাজের স্বীকৃতি দিতে হবে।
বিশেষ অতিথি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘কেউ কেউ বলেন, বাংলাদেশে মানবাধিকার দিবসের যৌক্তিকতা নেই। এই দিবস বাংলাদেশের জন্য তামাশার। কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠায় কী করতে পেরেছি, কী কী করতে হবে এবং যাঁরা মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের বিলিয়ে দিয়েছেন, তাঁদের সম্মান জানানোর জন্য এই দিবসটি পালন করতে হবে। রাজনীতিবিদেরা এ ধরনের অনুষ্ঠানে এসে শিক্ষা নিতে পারেন কীভাবে মানুষের সেবা করা যায়।’
বাংলাদেশে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) আবাসিক প্রতিনিধি সারাহ কুক বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূর এবং উন্নয়ন ও সুশাসনের জন্য মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।
তৃণমূলে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য এ বছর মানুষের জন্য ফাউন্ডেশন মোট ১০ জনকে পুরস্কৃত করে। তাঁরা হলেন নোয়াখালীর সুবর্ণচরের সফিক উল্ল্যা, খাগড়াছড়ির কলেজপাড়ার ঝর্ণা রায় ও নমিতা চাকমা, টাঙ্গাইলের ধনবাড়ীর কছিম উদ্দিন, খাগড়াছড়ির উত্তর কালিন্দিপুরের মাধবীলতা চাকমা, নড়াইল সদরের কাননবালা গুপ্ত, বগুড়ার শিবগঞ্জের উম্মে কুলসুম, ময়মনসিংহের ভালুকার বীরেন্দ্র সাংমা, রাজশাহীর গোদাগাড়ীর কল্পনা তির্কী ও দিনাজপুরের চিরির বন্দরের রাহেনা। তাঁরা ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার আলোবঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়া, নারীর অধিকার প্রতিষ্ঠা, প্রতিবন্ধীদের স্বাবলম্বী হতে সাহায্য করা, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে কাজ করেছেন।
এ ছাড়া নিজ নিজ কাজের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে বাঁচতে শেখা-জ্যোতি নারী ফুটবল দল, মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলা গোমেজ ও নোয়াখালীর গান্ধী আশ্রমের প্রধান ঝর্ণাধারা চৌধুরীকে।
সবার হাতে পদক ও সম্মাননা তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মিজানুর রহমান, সারাহ কুক ও অনুষ্ঠানের সভাপতি ব্যারিস্টার মনজুর হাসান।
মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহীন আনাম বলেন, পুরস্কারের জন্য মোট ১১১ জনকে মনোনয়ন দেওয়া হয়। বিচারকেরা তাঁদের মধ্য থেকে ১০ জনকে সেরা হিসেবে বিবেচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘তারুণ্যের হাত ধরে আগামীর বাংলাদেশ’ শিরোনামের মুক্ত আলোচনায় মানবাধিকারকর্মী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। শিক্ষার্থীরা তরুণসমাজকে বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনা বলে উল্লেখ করেন।
তরুণদের উদ্দেশে মাহ্ফুজ আনাম বলেন, ‘আমাদের সাফল্যের গান গাওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতার কথাও তুলে ধরতে হবে। বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু যাঁরা বলেন বাংলাদেশে কিছুই হয়নি, তাঁদের কথা কানে নেওয়া যাবে না। আবার যাঁরা বলবেন সবকিছু হয়ে গেছে, আমরা তাঁদের কথাও বিশ্বাস করব না। কারণ, ব্যর্থতা খুঁজে বের না করলে সাফল্য আসবে না।’ তিনি তথ্যপ্রযুক্তিকে দেশের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন এবং স্বাবলম্বী হওয়ার জন্য তরুণসমাজকে এ বিষয়ে পড়াশোনার করার জন্য উৎসাহ দেন।