মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, মানবাধিকারের চর্চা শুধু মানবাধিকার সংগঠনগুলো করবে, এমন নয়। প্রত্যেককে নিজ অবস্থান থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা উচিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে। আসকের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সুলতানা কামাল এই কথা বলেন। গতকাল শনিবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এই অনুষ্ঠান হয়। ‘প্রতিজ্ঞায়, প্রত্যয়ে, প্রতিবাদে ও প্রতিকারে’—স্লোগান নিয়ে চলে ২৫ বছর পূর্তি উৎসব। সুলতানা কামাল বলেন, ‘আসুন, আমরা সব ধরনের বিচ্ছিন্নতা ভেঙে একের সঙ্গে অপরে যুক্ত হই। এই সংযুক্তির মধ্য দিয়েই আমরা পূর্ণ হতে পারি।’ তিনি বলেন, প্রতিটি মানুষের মধ্যে মানবাধিকার বোধ জাগ্রত হতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখলে প্রত্যেককে তাঁর অবস্থান থেকে প্রতিবাদ ও প্রতিকার করতে হবে।’সুলতানা কামাল বলেন, ‘আমাদের জাতীয় সংগীতের শুরুতে বলা হয়েছে, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”। এ কথাটি অন্তর থেকে বলতে হবে, বিশ্বাস করতে হবে। আর কোনো কারণে আমাদের প্রিয় দেশের বদনখানি মলিন হলে আমাদের কষ্ট পেতে হবে। এরপর সেই কষ্ট প্রতিকারের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ আইন ও সালিশ কেন্দ্রের ২৫ বছর পূর্তি উদ্যাপনে শুভেচ্ছা জানাতে এসে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমান বলেন, ‘নিজেদের দায়বদ্ধতা থেকেই মানবাধিকার চর্চা রক্ষার আন্দোলনে শামিল হতে হবে। আসক ২৫ বছর ধরে সবাইকে নিয়ে কাজ করেছে। একটি সংগঠনের ২৫ বছর অবশ্যই বিশাল একটি বিষয়।’ বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নাগরিক উদ্যোগ’-এর নির্বাহী প্রধান জাকির হোসেন এবং ‘উই ক্যান’-এর জিন্নাত আরা অনুষ্ঠানে বক্তব্য দেন। এর আগে বিকেল সাড়ে তিনটায় রবীন্দ্রসরোবর মঞ্চে পঞ্চকবির গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব উদ্যাপনের শেষ দিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসক-এর কর্মী ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথের তাসের দেশ মঞ্চায়নের মাধ্যমে সাংস্কৃতিক এই অনুষ্ঠান শেষ হয়।১৯৮৬ সালে মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্রত নিয়ে সালমা সোবহান, আমিনুল হক, বিচারপতি কে এম সোবহান, হামিদা হোসেন, আমীর-উল ইসলাম, মো. আবদুল খালেক, ফজলে হাসান আবেদ, খুরশীদ এরফান আহমেদ, তাহেরুন্নেছা আবদুল্লাহসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আইন ও সালিশ কেন্দ্র (আসক) কার্যক্রম শুরু করেছিলেন। ২৫ বছর ধরে প্রতিষ্ঠানটি মানবাধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে।