মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের চোখ দিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দেখে জাতীয় মানবাধিকার কমিশন। সাংবাদিকেরা তাদের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে আনলে তা রোধ করার জন্য কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেয়। মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা রয়েছে। গতকাল সোমবার রাঙামাটিতে এক প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মো. আমজাদ হোসেন খান এসব কথা বলেন।
সাংবাদিকদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ এবং এনজিও কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সামাজিক নেতাদের মানবাধিকার সচেতনতা-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের সচিব।
বেসরকারি সংস্থা স্ট্রাটেজিক অ্যাকশন সোসাইটির সভাকক্ষে গতকাল বিকেল তিনটায় অনুষ্ঠিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী আয়োজনে আমজাদ হোসেন খান বলেন, কমিশন সমাজের নিপীড়িত-বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চায়। সাংবাদিকেরাও এসব মানুষের পক্ষে কাজ করেন।
অন্যদিকে, টংগ্যা সভাকক্ষে বিকেল চারটায় এনজিও কর্মী, ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং সামাজিক নেতাদের মানবাধিকার সচেতনতা-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আমজাদ হোসেন খান বলেন, জাতীয় মানবাধিকার কমিশন একা সব কাজ করতে পারবে না। তৃণমূল মানুষের প্রতি যাতে অন্যায় আচরণ না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। এনজিও কর্মী, জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারেন।